ডব্লিউটিও সম্মেলনে যোগদানের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
আগামী ৩-৬ ডিসেম্বর বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার বালিতে। সম্মেলনে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি প্রস্তুতিমূলক বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যসচিব মাহবুব আহমেদ এতে সভাপতিত্ব করেন। এফবিসিসিআই, এমসিসিআই, ডিসিসিআই, বিজিএমইএসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা এতে অংশ নেন।
বালি সম্মেলনের সম্ভাব্য আলোচ্য বিষয়গুলো নিয়ে গতকালের বৈঠকে আলোচনা হয়। এগুলো হচ্ছে—স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা দেওয়ার বিষয়ে হংকং সিদ্ধান্ত বাস্তবায়ন, উৎসবিধি ও সেবা খাত নিয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন, বাণিজ্য সহজীকরণ চুক্তি সম্পাদন ইত্যাদি।
২০০৫ সালে হংকংয়ে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত দেশগুলো এলডিসিগুলোকে শুল্কমুক্ত ও কোটামুক্ত (ডিএফ-কিউএফ) সুবিধা দেওয়ার কথা। তবে যেসব উন্নত দেশ সব পণ্যে এ সুবিধা দিতে পারবে না, সেসব দেশ কমপক্ষে ৯৭ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে।
বৈঠক সূত্র জানায়, বাস্তবে প্রায় সব উন্নত দেশ এবং অনেক উন্নয়নশীল দেশ এ সিদ্ধান্ত বাস্তবায়ন করলেও যুক্তরাষ্ট্র করেনি। এ বিষয়টি আগামী সম্মেলনে উত্থাপন করবে বাংলাদেশ।
এ ছাড়া এলডিসিগুলোকে সেবা খাতে অগ্রাধিকার বাজারসুবিধা দিতে ২০১১ সালে অনুষ্ঠিত অষ্টম ডব্লিউটিও সম্মেলনে সিদ্ধান্ত হয়। কিন্তু সেবা খাতের বাণিজ্যের প্রকৃতি যথেষ্ট জটিল হওয়ায় এবং সুনির্দিষ্ট তথ্য কম থাকায় এটিও অবাস্তবায়িত রয়ে গেছে।
বৈঠক শেষে যোগাযোগ করলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন,‘আগামী ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে আমরা বাংলাদেশ, তথা এলডিসিগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরব। সে ব্যাপারে প্রথম প্রস্তুতিমূলক বৈঠক হয়েছে। সামনে আরও বৈঠক হবে।’