বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রাপ্তিকে হতাশাজনক বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, বিশ্ব বাণিজ্যের শক্তিশালী পাঁচটি দেশ ও জোট সম্মেলনের পুরো আলোচনা নিয়ন্ত্রণ করেছে। এ কারণে আলোচনা অন্তর্ভুক্তিমূলক হয়নি। স্বল্পোন্নত দেশগুলোও এবারের সম্মেলন থেকে বাড়তি কিছু পায়নি।
প্রসঙ্গত, এবারের সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর নেতৃত্বে ছিল বাংলাদেশ।
ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টারে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউটিওর এবারের সম্মেলন-পরবর্তী এ মূল্যায়ন তুলে ধরেছে সিপিডি। এতে ডব্লিউটিওর সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। একই সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্যারিসে সদ্য সমাপ্ত বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রাপ্তি নিয়ে সিপিডির মূল্যায়ন তুলে ধরেন সংস্থাটির গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন।
আফ্রিকার দেশ কেনিয়ার নাইরোবিতে ১৫ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে সরকারি-বেসরকারি ও ব্যবসায়ী একটি প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নেয়।
সংবাদ সম্মেলনে সিপিডি জানিয়েছে, বিশ্বে এখন অনেক পরিবর্তন হচ্ছে। উন্নত দেশগুলো বিভিন্ন ধরনের জোট গঠন করে নিজেদের বাজারসুবিধাসহ বাণিজ্যক্ষেত্রে উন্নয়ন করছে। বাংলাদেশকেও এখন এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কৌশলগত অবস্থান নিতে হবে। গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতির বাণিজ্য সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এ জন্য একটি বিশেষ কর্মপরিকল্পনা থাকা উচিত।
সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বিশ্ব এখন সংকটপূর্ণ। আবার নতুন সুযোগও সৃষ্টি হয়েছে। নিজেদের সুরক্ষা বজায় রেখে বাংলাদেশ আরও আক্রমণাত্মক ও আগ্রাসী হবে—সেটাই কাম্য।’
দেবপ্রিয় আরও বলেন, ‘এককভাবে একটি সর্বজনীন বাণিজ্য ব্যবস্থার ওপর বাংলাদেশের আস্থা দেখতে পাচ্ছি। বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।’ এ জন্য বাংলাদেশের করণীয় বিষয়ে তিনটি পরামর্শ দেন তিনি। তা হলো—প্রথমত, বিশ্ব বাণিজ্যব্যবস্থায় নীতিগত অবস্থান ধরে রাখা। দ্বিতীয়ত, সর্বজনীন নয়, কিন্তু বহুপক্ষীয় ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপের (টিপিপি) মতো বাণিজ্যব্যবস্থা থেকে সুযোগ নেওয়া। তৃতীয়ত, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতার উদ্যোগগুলো সুনির্দিষ্ট করা। দেবপ্রিয়র মতে, এসব বিষয় নিয়ে একটি শ্বেতপত্র তৈরির সময় এসেছে।
ডব্লিউটিওর সম্মেলনের মূল্যায়নবিষয়ক মূল প্রবন্ধে মোস্তাফিজুর রহমান বলেন, এবার গ্রিনরুমের আলোচনা অনেক বেশি ‘এক্সক্লুসিভ’ হয়েছে। নির্দিষ্ট গোষ্ঠীবদ্ধ দেশ এ আলোচনায় অংশ নিয়েছে। আগে সেখানে ২০-২৫টি দেশ অংশ নিত। তাঁর মতে, এর আগে এত খারাপ আলোচনা আর কখনো হয়নি।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘রুলস অব অরিজিন বা উৎসবিধি শিথিল বিষয়টি বাংলাদেশের জন্য ইতিবাচক হয়েছে। সেবা খাতে ছাড় ২০৩০ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। কিন্তু ভিসা প্রক্রিয়াসহ অন্য বিষয়গুলো সম্পর্কে সুনির্দিষ্ট কিছু হয়নি।’ তাঁর মতে, টিপিপি চুক্তি বাস্তবায়ন করা হলে বাংলাদেশের অগ্রাধিকার ক্ষুণ্ন (প্রেফারেন্স অব ইরোশন) হবে। বড় ধরনের বাড়তি সুবিধা কমবে। এ নিয়ে স্বল্পোন্নত দেশগুলোর ঐক্য তৈরি করা উচিত।
জলবায়ু সম্মেলন: সিপিডির গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন বলেন, কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে, তা আইনগতভাবে পালনের বাধ্যবাধকতা নেই। যত দিন পর্যন্ত এটা না হবে, তত দিন সম্মেলনের সুফল পাওয়া চ্যালেঞ্জিং হবে। সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো স্ব-উদ্যোগে কার্বন নিঃসরণের মাত্রা কমানোর লক্ষ্য ঠিক করেছে। তাতে বলা হয়েছে, প্রাক্শিল্পায়নের আগে যে তাপমাত্রা থাকে, শিল্পায়নের পরে তা দুই ডিগ্রির বেশি বাড়তে দেওয়া হবে না। কিন্তু উন্নত দেশগুলো তা রক্ষা করতে পারবে না।
বিশ্বের বড় দুই সম্মেলন নিয়ে সিপিডি যে মূল্যায়ন তুলে ধরেছে, সেটিকে সংযত সমালোচনা বলে মন্তব্য করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য।