ডব্লিউটিওতে বাংলাদেশ আবার এলডিসি জোটের সমন্বয়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাণিজ্যে দরিদ্র দেশগুলোর হিস্যা আদায়ের কৌশল নির্ধারণের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থায় স্বল্পোন্নত দেশগুলোর দল (এলডিসি গ্রুপ) রয়েছে। তৃতীয়বারের মতো এই দলের তথা এলডিসির সমন্বয়ক মনোনীত হয়েছে বাংলাদেশ। নতুন বছরের (২০১১) ১ জানুয়ারি থেকে পরবর্তী ছয় মাস বাংলাদেশ এ দায়িত্ব পালন করবে। তবে মেয়াদ আরও ছয় মাস বাড়তে পারে। গত মাসে এলডিসি গ্রুপের এক সভায় বাংলাদেশকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বাণিজ্যসচিব গোলাম হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, উন্নত দেশগুলোতে এলডিসিগুলোর শুল্ক ও কোটামুক্ত পণ্য রপ্তানির সুযোগের দাবিতে বাংলাদেশ সব সময়ই উচ্চকণ্ঠ। আবারও সময়ন্বক হওয়ায় বাংলাদেশ এলডিসিগুলোর অধিকার আদায়ের দায়িত্ব আরও সুচারুভাবে পালন করবে। এবারসহ মোট তিনবার এলডিসির সমন্বয়কের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ ২০০৩ সালে একবার এবং ২০০৬ সালে আরেকবার এলডিসির সমন্বয়ক ছিল। সমন্বয়ক ছাড়াও বাংলাদেশ এলডিসিগুলোর মধ্যে সব সময়ই নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসছে। জাতিসংঘের হিসাবে এলডিসির ৪৯ সদস্যের মধ্যে যে ৩৩ দেশ ডব্লিউটিওর সদস্য, বাংলাদেশ সমন্বয়ক হয়েছে ওই দেশগুলোরই। বর্তমান সমন্বয়ক জাম্বিয়ার পর নিয়মানুসারে অ্যাঙ্গোলার সমন্বয়ক হওয়ার কথা ছিল। কিন্তু অ্যাঙ্গোলা এতে রাজি না হওয়ায় বাংলাদেশের ওপর দায়িত্ব বর্তেছে। জানা গেছে, সমন্বিত অধিকার আদায়ের ব্যাপারে দরকষাকষি চললেও এশিয়ার এলডিসি ও আফ্রিকার এলডিসিগুলোর মধ্যে সব সময়ই একটা প্রতিযোগিতা বা মতবিরোধ থাকে। মহাদেশভেদে স্বার্থসংশ্লিষ্টতার বিষয়গুলো ভিন্ন বলেই এ প্রতিযোগিতা। বিষয়টিকে উদাহরণ দিয়ে বিশ্লেষণ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। তিনি প্রথম আলোকে বলেন, এশিয়ার এলডিসিগুলোর প্রধান স্বার্থের জায়গা হলো তৈরি পোশাকের রপ্তানি-বাজার বাড়ানো। এ ক্ষেত্রে প্রধান দাবি এখন যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার। আর আফ্রিকার এলডিসিগুলোর অন্যতম স্বার্থসংশ্লিষ্ট বিষয় হলো কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানিতে নিরঙ্কুশ ও শর্তমুক্ত প্রবেশাধিকার। আফ্রিকার এলডিসি সদস্যরা কিছু অধিকার ইতিমধ্যেই আদায় করে ফেলেছে বলে জানা গেছে। এলডিসির সমন্বয়ক হিসেবে বাংলাদেশ লাভবান হবে কি না বা যদি হয় তবে কীভাবে—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব গোলাম হোসেন বলেন, ‘সমন্বয়ক হওয়ার কারণে বাংলাদেশের স্বার্থের বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে না। আর এলডিসিগুলোর উন্নয়নে ডব্লিউটিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে, যেগুলোতে শুধু সমন্বয়কই উপস্থিত থাকতে পারে। তখন বাংলাদেশ তার নিজের বিষয়টিকে কিছুতেই চাপা পড়তে দেবে না, এটাই স্বাভাবিক।’ বিশেষজ্ঞরা বলছেন, এলডিসিগুলোর রপ্তানি-আয় সীমিত পণ্যনির্ভর এবং উন্নত বিশ্বের বাজারে এসব পণ্যের অবাধ প্রবেশাধিকারও সীমিত। তাই চাপিয়ে দেওয়া বাজারমুখী নীতি থেকে সরে না এলে বাংলাদেশসহ এলডিসিগুলো টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে না। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত এই দেশগুলোর নীতিনির্ধারকদের তাই সময় এসেছে নীতি পর্যালোচনা ও সংশোধনে দক্ষতা অর্জন করার। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণামতে, জাতিসংঘের ৪৯ এলডিসির মধ্যে বিশ্বের ৮৫ কোটি মানুষের বসবাস। এর মধ্যে অর্ধেকেরই অবস্থান দারিদ্র্যসীমার নিচে। বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দুই শতাংশ, পণ্য বাণিজ্যের এক শতাংশ এবং সেবা বাণিজ্যের মাত্র দশমিক পাঁচ শতাংশের ভাগিদার এলডিসিভুক্ত দেশগুলোর বিশাল জনগোষ্ঠী।সূত্র জানায়, বাণিজ্য স্বার্থ-সম্পর্কিত ডব্লিউটিওর অধীনে যে ৩৩ এলডিসি রয়েছে, এদের অবস্থা আরও খারাপ। তবে এরই মধ্যে মালদ্বীপ এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার মতো অবস্থায় উন্নীত হচ্ছে বলে জানা গেছে। যোগাযোগ করা হলে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, এলডিসিগুলোর মধ্যে বাংলাদেশ সব সময়ই নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসছে। সমন্বয়ক হিসেবে শুধু নিজের নয়, সব এলডিসির জন্যই বাংলাদেশ কাজ করবে। তবে এও মনে রাখতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে দরকষাকষিতে এখনো যথেষ্ট দক্ষতা অর্জনের প্রমাণ দিতে পারেনি বাংলাদেশ।