ডব্লিউটিওতে 'ঐতিহাসিক' সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) শেষ পর্যন্ত পৃথিবীকে তার দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী কিছুটা হলেও সমঝোতার পথ দেখিয়েছে, সুখবর দিয়েছে। তা এসেছে সংস্থাটির দশম বাণিজ্যমন্ত্রী সম্মেলন শেষে দেওয়া নাইরোবি ঘোষণার মাধ্যমে।
ডব্লিউটিওর নাইরোবি ঘোষণায় কৃষি, তুলা ও স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) স্বার্থসংশ্লিষ্ট বিষয় মিলিয়ে মোট ছয়টি সিদ্ধান্তের প্যাকেজ রয়েছে। এতে কৃষিপণ্য রপ্তানিতে ভর্তুকি প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেটাকে ডব্লিউটিওর মহাপরিচালক (ডিজি) রবার্তো আজেভেদো তাঁর সংস্থার দীর্ঘ ২০ বছর ধরে চলা বাণিজ্য আলোচনায় কৃষি খাত নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল বলে অভিহিত করেন এবং স্বাগত জানান।
নাইরোবি সম্মেলনের এই ঘোষণাকে ডব্লিউটিও ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে। ঘোষণাটি বিশ্ববাণিজ্যব্যবস্থাকে নতুন পথ দেখাবে এবং এতে বিশেষ করে ডব্লিউটিওর সদস্যদের মধ্যে দরিদ্র দেশগুলোই বেশি উপকৃত হবে, এমনটাই আশা করা হচ্ছে।
কৃষি খাতের ওপর নেওয়া অন্য সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে খাদ্যনিরাপত্তায় সরকারিভাবে খাদ্যপণ্য মজুত, উন্নয়নশীল দেশগুলোর নিরাপত্তায় বিশেষ কৌশল, তুলার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদি। একই সঙ্গে স্বল্পোন্নত দেশগুলোর জন্য সেবা ও পণ্য রপ্তানি খাতে অগ্রাধিকারমূলক সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে নাইরোবি ঘোষণায়।
উন্নত দেশগুলোতে তুলা রপ্তানির ক্ষেত্রে এলডিসি বা স্বল্পোন্নত দেশগুলোকে শুল্ক ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এলডিসির জন্য পণ্য-সেবার রুলস অব অরিজিন বা উৎসবিধি শিথিল করার কথাও বলা হয়েছে।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে ১৫ ডিসেম্বর ডব্লিউটিওর দশম বাণিজ্যমন্ত্রী সম্মেলনটি শুরু হয়। এটি ১৮ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও সমঝোতায় আসার জন্য তা এক দিন বেড়ে ১৯ ডিসেম্বর শেষ হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কেনিয়ার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী আমিনা মোহামেদ। সম্মেলনের পরে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যে আমরা ডব্লিউটিওকে কেন্দ্র করেই সুশাসন নিশ্চিত করছি।’
ডব্লিউটিওর এই সম্মেলনে লাইবেরিয়া ও আফগানিস্তানকে সংস্থাটির সদস্যপদ দেওয়া হয়।
সূত্র: ডব্লিউটিওর ওয়েবসাইট