ডব্লিউটিওর নীতিমালা মেনে ট্রানজিট মাশুল ঠিক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ভারতসহ প্রতিবেশী দেশগুলোকে ট্রানজিট সুবিধার বিনিময়ে যে মাশুল বা ফি দিতে হবে, তা নির্ধারিত হবে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালা অনুসরণ করে।
সচিবালয়ে গতকাল রোববার বাংলাদেশ টায়ার টিউব উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিটিটিএমইএ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকালে ট্রানজিট নিয়ে আলোচনা হয়েছে। এখন দুই পক্ষ বসে মাশুলের হার চূড়ান্ত করা হবে। তবে মাশুলের হার নির্ধারিত হবে ডব্লিউটিওর নীতিমালা অনুযায়ী। সে হিসেবে অবকাঠামো ব্যয়ের সঙ্গে আরও কিছু যোগ করতে হবে।
ট্রানজিট ও এর মাশুলের হার নিয়ে ২০১০ সালে একটি প্রতিবেদন তৈরি করেছিল বাংলাদেশ ট্যারিফ কমিশন। ওই প্রতিবেদনে সম্ভাব্য রুট ও মাশুলের হার নির্ধারণ করা হয়। ট্যারিফ কমিশনের ওই সুপারিশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘নীতিগতভাবে ঠিক থাকলেও তারা যে হিসাবকিতাব করেছে, তা অবাস্তব (অ্যাবসার্ড)।’
চট্টগ্রাম বন্দর ও মংলা বন্দর ট্রানজিটের জন্য প্রস্তুত কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর তো এখনই প্রস্তুত। আর মংলা বন্দরের উন্নয়ন করা হচ্ছে। মূলত কয়লা আমদানির জন্য এটা করা হচ্ছে। তবে এটা দৃশ্যমান হতে আরও এক বছর সময় লাগবে।
এই বৈঠকের আগে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত সোফি অবার্ট। তাঁর সঙ্গে কী আলোচনা হলো জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের ভালো মানের উন্নয়ন অংশীদার। ফ্রান্সের একটি দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে মিলে বাংলাদেশে অনেক কাজ করছে। ফ্রান্সের রাষ্ট্রদূত বাংলাদেশের জন্য তাঁদের সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন।
রাষ্ট্রদূত স্যাটেলাইট প্রকল্পে কাজ করতে ফ্রান্সের আগ্রহ রয়েছে বলেও অর্থমন্ত্রীকে জানান।
মুহিত বলেন, আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে প্রকল্প বাস্তবায়নে চীন এখন সবচেয়ে বড় প্রতিযোগী। সস্তায় তারা অংশ নিতে পারে। ফলে তাদের বাদ দেওয়া মুশকিল। একই সঙ্গে তাদের দরপত্রে অর্থায়নের প্রস্তাবও থাকে। কাজ পাওয়ার ক্ষেত্রে এটা বড় অগ্রাধিকার।
বিটিটিএমইএর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি গোলাম দস্তগীর গাজী। অর্থমন্ত্রী জানান, টায়ার উৎপাদনের প্রধান কাঁচামাল প্রাকৃতিক রাবার আমদানিতে ৫ শতাংশ শুল্ক রয়েছে। হালকা যানবাহনে ব্যবহার করা হয়—এমন ১৬ ইঞ্চি রিম সাইজের টায়ার আমদানিতে ২৫ শতাংশ শুল্ক ও ৫ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, প্রস্তাবিত বাজেটে প্রাকৃতিক রাবার আমদানিতে শুল্কহার বাড়িয়ে ১০ শতাংশ এবং ১৬ ইঞ্চি রিম সাইজের টায়ার আমদানিতে বিদ্যমান সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। তবে স্থানীয় শিল্পের স্বার্থরক্ষায় বাজেট পাসের সময় সম্পূরক শুল্ক আবার আরোপ করা হবে।