ডব্লিউটিওর নীতির সঙ্গে অসংগতিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পাটজাত পণ্যের ওপর ভারত সরকার যে ১৪ শতাংশ হারে কাউন্টারভেইলিং শুল্কারোপ (সিভিডি) করেছে, তা বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয়। গতকাল বুধবার বাণিজ্যসচিব গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এমন অভিমত প্রকাশ করা হয়। ভারত কর্তৃক এ শুল্কারোপের পরিপ্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে এই সভা ডাকা হয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সভায় বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তটি যথাযথ তথ্যের ওপর ভিত্তি করে গৃহীত হয়নি। পাটজাত পণ্যের উপকরণ কাঁচা পাটের ক্ষেত্রে ভারতের কোনো এক্সাইজ ডিউটি (আবগারি শুল্ক) না থাকায় সমতার ভিত্তিতে আমদানি পর্যায়ে পাটজাত পণ্যের ওপর কোনো কাউন্টারভেলিং ডিউটি আরোপ করা যায় না বলে উল্লেখ করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে, প্রয়োজনে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল ভারতে পাঠানো হবে এবং এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ভারত সরকারকে অনুরোধ জানানো হবে। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এফটিএ) রুহুল আমিন সরকার, যুগ্ম সচিব (রপ্তানি) মনোজ কুমার রায়, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান টি ডি মিত্র, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রতিনিধি সৈয়দ মো. আনিসুজ্জামান, বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরান উদ্দিন, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আহমেদ হোসেন, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সচিব আ. বারিক খানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, এই ধরনের শুল্কারোপ শুধু বাংলাদেশ নয়, অন্য দেশের পাটজাত পণ্যের ওপরও আরোপ করা হয়েছে। কিন্তু বাংলাদেশের রপ্তানির প্রধান গন্তব্য ভারত হওয়ায় এ সিদ্ধান্তে বাংলাদেশেরই বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।