ডব্লিউটিওর সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে না
অবাধ জনশক্তি রপ্তানির সুযোগ তৈরি হলেও উন্নত দেশগুলোর অসহযোগিতায় তার বাস্তবায়ন হচ্ছে না বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য সেবা খাতের বাণিজ্যে ২০১১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এ সুযোগ তৈরি করে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (আঙ্কটাড) দ্বিতীয় জেনেভা সংলাপে দেওয়া বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় গত শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
৪ এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয় এ সংলাপ। প্রথম জেনেভা সংলাপটি অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ২৯ নভেম্বর। এবারের সংলাপের প্রতিপাদ্য ‘২০১৫-পরবর্তী টেকসই উন্নয়ন কর্মসূচি: বালির পথ ধরে’।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রায়ই বলা হয়ে থাকে যে বিশ্বায়ন সব দেশের জন্যই সুযোগ তৈরি করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, অনেক দেশ বিপুল জনশক্তির জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। আবার অনেক দেশ জনশক্তির অভাবে বিপুল সম্পদ কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, জনশক্তি রপ্তানির জন্য অধিকতর বাজারসুবিধা আদায়ে বাংলাদেশ প্রচেষ্টা চালিয়ে আসছে। কিন্তু কোনো লাভ হচ্ছে না।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) পর এখন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) প্রণয়ন করা হচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ জন্য এলডিসিগুলোর প্রতি বিশেষ দায়িত্ব পালন করতে হবে উন্নত দেশগুলোকে।’
সংলাপের ফাঁকে আংকটাডের মহাসচিব মুখিসা কিটুআই, ডব্লিউটিওর মহাপরিচালক রবার্তো আজেভেদো ও আটটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী।