ডলার আমদানিতে কর রেয়াতি সুবিধা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক কর ছাড়াই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে ডলার আমদানির সুযোগ দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক। দুই দফায় ১ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আমদানিতে এ সুযোগ চাওয়া হয়েছে। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক স্বাক্ষরিত একটি চিঠি এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। নগদ ডলারের সংকট মেটাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পরামর্শে এ সুবিধা চাওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
জানা গেছে, নগদ ডলারের সংকট থাকায় খোলাবাজারে প্রতি ডলারের মূল্য ৮৪ টাকা পর্যন্ত পৌঁছেছে। যদিও ব্যাংকগুলোতে ৭৯ টাকায় ঋণপত্র নিষ্পত্তি হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রতি ডলারের গড় বাজারমূল্য ৭৮ টাকা ৭০ পয়সা। ব্যাংক ও খোলাবাজারে প্রতি ডলারের মূল্যপার্থক্য দাঁড়িয়েছে ৫ টাকা। ফলে প্রবাসীরাও ব্যাংকের পরিবর্তে অবৈধ চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাচ্ছেন। এতে আগের বছরের তুলনায় ২০১৬ সালে ১১ শতাংশ রেমিট্যান্স কমে গেছে।
এদিকে, ব্যাংকগুলোতে নগদ ডলারের মজুত কমে গেছে। ব্যাংকগুলোতে গড়ে ১ কোটি ২৫ লাখ সমপরিমাণ বৈদেশিক মুদ্রা থাকলেও বর্তমানে রয়েছে ৭০ লাখ ডলার।
জানা গেছে, ডলারের চলমান সংকট মোকাবিলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পক্ষ থেকে ১ কোটি ডলার বৈদেশিক মুদ্রা আমদানির অনুমতি চাওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক ৫০ লাখ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আমদানির অনুমতি দেয়। এর মধ্যে ৪০ লাখ ডলার এবং ১০ লাখ পাউন্ড-ইউরোসহ অন্য বৈদেশিক মুদ্রা। তবে ডলার আমদানিতে প্রায় ৩৭ শতাংশ কর ও শুল্ক আরোপ থাকায় পরে আর যোগাযোগ করেনি ব্যাংকটি। এর পরিপ্রেক্ষিতে এনবিআরকে চিঠি দিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বৈদেশিক মুদ্রা আমদানিতে কর ও শুল্ক মওকুফ করার অনুরোধ করে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে ২০১৫ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে ৫০ লাখ ডলারের সমপরিমাণ মূল্যের মার্কিন ডলার, ইউরো ও পাউন্ড আমদানির অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। তবে উচ্চ কর ও শুল্কের কারণে আমদানি করেনি ব্যাংকটি। এর আগে ২০১০ সালের ৪ জুলাই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বিদেশি মুদ্রা আমদানির অনুমোদন চাইলেও সেবার অনুমতি পায়নি ব্যাংকটি। তবে ২০১১ সালে অনুমতি নিয়ে প্রায় ৪০ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আমদানি করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
এর আগেও বৈদেশিক মুদ্রা আমদানিতে এনবিআরের কাছে আমদানি শুল্কসহ অন্যান্য কর প্রত্যাহার চেয়ে একাধিকবার চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান প্রথম আলোকে বলেন, সংকটের কারণে ব্যাংকে ও বাজারে ডলারের দামের পার্থক্য অনেক হয়ে গেছে। ডলার আমদানি করলে এ সংকট মিটে যাবে। তবে প্রায় ৩৭ শতাংশ কর ও শুল্ক দিয়ে ডলার আমদানি করলে দাম বেড়ে যাবে। এ কারণে বিশেষ এ সুবিধা চাওয়া হয়েছে।