ডলার-ইউরোর বিপরীতে ইয়েন তেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আন্তব্যাংক মুদ্রাবাজারে গত সপ্তাহে প্রতি মার্কিন ডলারে স্থানীয় টাকার বিনিময় হার আরও ১৭ পয়সা কমেছে। এ নিয়ে চলতি ২০১১ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রতি মার্কিন ডলারে প্রায় তিন টাকা ৫৮ পয়সা দরপতন হলো বাংলাদেশি টাকার।গত সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭৪ টাকা ৩০ পয়সা থেকে ৭৪ টাকা ৩৯ পয়সায় কেনাবেচা হয়। আর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার প্রতি ডলার ৭৪ টাকা ৫১ পয়সা থেকে ৭৪ টাকা ৫৩ পয়সায় লেনদেন হয়। এদিকে আন্তর্জাতিক মুদ্রাবাজারে গত সপ্তাহে (১০-১৬ জুলাই) প্রধান মুদ্রাগুলোর বিনিময় হারে ওঠানামা পরিলক্ষিত হয়। এর মধ্যে সোমবার জাপানি ইয়েনের বিপরীতে ইউরোর দর গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এদিন প্রতি ইউরো ১১৩ দশমিক ২৯ ইয়েনে বিনিময় হয়। পরদিন মঙ্গলবার প্রতি ইউরো ১১২ দশমিক ৩২ ইয়েনে পড়ে গিয়ে আবারও দরপতনের রেকর্ড গড়ে। একই দিন ইউরোপের একক মুদ্রা ইউরো মার্কিন ডলারের বিপরীতেও গত চার মাসের মধ্যে সর্বনিম্নপর্যায়ে নেমে যায়। ইউরো অঞ্চলের নেতারা প্রথমবারের মতো গ্রিসের কিছু কিছু ঋণ পরিশোধে ব্যর্থতার কথা স্বীকার করায় ইতালি ও স্পেনের ঋণের খরচ বেড়ে গিয়ে গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে যায়। এ সময় প্রতি ইউরোর দর বেড়ে ১ দশমিক ৩৮৩৫ ডলারে ওঠে।যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং পড়ে যাওয়া নিয়ে মুডিসের সতর্কবাণীর পর ডলারের দরপতন ঘটে। এ সময় বিশেষ করে ইয়েনের বিপরীতে ডলারের দর গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। প্রতি ডলার লেনদেন হয় ৭৮ দশমিক ৪৫ ইয়েনে।এদিকে শুক্রবার স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর যুক্তরাষ্ট্র সরকারের ক্রেডিট রেটিং পড়ে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করায় ডলারের বিপরীতে ইউরোর দর বাড়ে। এ দিন প্রতি ইউরো ১ দশমিক ৪২৫৫ ডলারে লেনদেন হয়। যা-ই হোক, সপ্তাহের শেষদিন শুক্রবার প্রতি ইউরো ১ দশমিক ৪১৫৬ ডলার, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৬১৩৯ ডলার, প্রতি ডলার ৭৯ দশমিক ১৪ ইয়েনে লেনদেন শেষ করে। সূত্র: সিটিব্যাংক এনএ বাংলাদেশ।