ডলার সামান্য শক্তিশালী হলো, কমলো তেলের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসামা বিন লাদেন নিহত হওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিশ্বজুড়ে আর্থিক বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে।গতকাল সোমবার এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে উল্লম্ফন ঘটেছে। মার্কিন ডলার তিন বছরের সর্বনিম্ন অবস্থা থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, তবে জ্বালানি তেলের দর কমেছে।গতকাল রোববার রাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আনুষ্ঠানিকভাবে লাদেন নিহত হওয়ার ঘোষণা দেন। রোববার রাতে পাকিস্তানে মার্কিন বাহিনীর এক অভিযানে লাদেন নিহত হন। আফগানিস্তানে তালেবান বাহিনীর প্রধান ওসামা বিন লাদেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের এক নম্বর সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত ছিলেন।গতকাল অবশ্য সরকারি ছুটির কারণে চীন, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডের আর্থিক বাজার বন্ধ ছিল। ফলে সেখানকার শেয়ারবাজারে কোনো লেনদেন হয়নি।কিন্তু জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জের নিক্কি সূচক প্রায় দেড় শতাংশ বেড়ে ১০ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। গত মধ্য মার্চের পর এই প্রথমবার নিক্কি সূচক ১০ হাজার পয়েন্ট অতিক্রম করল। ভয়াবহ সুনামি ও ভূমিকম্পের কারণে ওই সময়ের পর নিক্কি সূচক পড়ে যায়।একইভাবে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ১ দশমিক ৯০ শতাংশ বেড়ে যায়। তবে অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি সূচক কমেছে দশমিক ৫০ শতাংশ।বিশ্লেষকেরা বলছেন, আজ মঙ্গলবার প্রধান সব শেয়ারবাজারে লেনদেন শুরু হলেই প্রকৃত প্রভাবটা বোঝা যাবে।ইউরোপের শেয়ারবাজারগুলোর মধ্যে লন্ডন স্টক এক্সচেঞ্জও গতকাল বন্ধ ছিল। তবে জার্মানি ও ফ্রান্সসহ অন্য প্রধান শেয়ারবাজারগুলো ঊর্ধ্বমুখী হয়েছে।গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রেন্ট অশোধিত জ্বালানি তেলের দর কমে হয়েছে ব্যারেলপ্রতি ১২৪ ডলার ৪৪ সেন্ট। আর হালকা অপরিশোধিত জ্বালানি তেল ১১২ ডলার ৪৩ সেন্টে নেমে এসেছে।গতকাল মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দরপতন ঘটেছে। প্রতি ইউরো এক ডলার ৪৭ সেন্ট থেকে নেমে গেছে এক ডলার ৪৯ সেন্টে। এর মানে হলো, ডলার শক্তিশালী হয়ে উঠেছে।জাপানি মুদ্রা ইয়েনের বিপরীতে প্রতি ডলার ৮১ দশমিক ১৯ ইয়েন থেকে বেড়ে হয়েছে ৮১ দশমিক ৬৬ ইয়েন।তবে দিন শেষে ডলার এই দর ধরে রাখতে পারেনি। বিশ্লেষকেরা বলছেন, মার্কিন ডলার শক্তিশালী হয়ে ওঠার বিষয়টি বহুলাংশে নির্ভর করছে ফেডারেল রিজার্ভের মুদ্রানীতির ওপর। লাদেন নিহত হওয়ার তুলনায় ইউরোপ-আমেরিকার চলমান অর্থনৈতিক নীতিই বড় প্রভাবকের ভূমিকা রাখছে।আবার গতকাল বিশ্ববাজারে রৌপ্যের দাম প্রায় ১০ শতাংশ কমে গেছে। কমেছে স্বর্ণের দরও। গতকাল বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৬০ ডলার কমে হয়েছে এক হাজার ৫৫৪ ডলার ৮০ সেন্ট।কিছুদিন ধরে যাঁরা বিপুল পরিমাণ স্বর্ণ ও রৌপ্য কিনেছিলেন, তাঁরা দ্রতই সেগুলো বিক্রি করে দিতে পারেন—এমন আশঙ্কায় এই দরপতন হয়েছে।বিশ্লেষকেরা অবশ্য এই বলে সতর্ক করে দিয়েছেন যে আর্থিক বাজারের এই চাঙা হয়ে ওঠা ক্ষণস্থায়ী হতে পারে। তাঁদের মতে, বিশ্ব অর্থনীতি বিশেষত মার্কিন অর্থনীতি এখনো যে ঝুঁকির মধ্যে রয়েছে, তা কাটিয়ে ওঠার কোনো জোরালো লক্ষণ দেখা যায় না। তাই লাদেন নিহত হওয়ার খবর সাময়িক স্বস্তি আনলেও আগামী কয়েক দিনে তা বদলে যেতে পারে। তাঁদের আরও অভিমত, এর ফলে জ্বালানি তেলের মজুদেও কোনো পরিবর্তন আসবে না।গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শুরু হয়নি। তবে আগাম সূচকের প্রবণতায় দেখা যায়, ওয়ালস্ট্রিটের অন্যতম প্রধান সূচক এসঅ্যান্ডপি-৫০০ সূচক সোমবারের কার্যদিবসে দশমিক ৭০ শতাংশ বাড়তে পারে। আর ডাউ-জোনস সূচক বাড়তে পারে দশমিক ৮০ শতাংশ। সূত্র: এএফপি/বিবিসি।