ডলারের চাহিদা বেড়েছে কমেছে টাকার মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বাংলাদেশও মুদ্রাযুদ্ধে শামিল হলো। অবমূল্যায়ন হলো টাকার। যদিও বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঠিক ঘোষণা দিয়ে মুদ্রাযুদ্ধে নামেনি বাংলাদেশ। বরং বাজারে নগদ ডলারের চাহিদা বেড়ে যাওয়ার কারণে শক্তিশালী হয়েছে ডলার।
চলতি বছরের প্রথম ১০ মাস ডলারের বিপরীতে টাকা ছিল শক্তিশালী। কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার মজুত বাড়িয়েছে, অন্যদিকে টাকাকে রেখেছে শক্তিশালী। বাংলাদেশ ব্যাংক গত এক বছরে ডলারের চাহিদা ধরে রাখতে ৩৫০ কোটি ডলার কিনেছে। তবে কয়েক দিন ধরে এই পথে আর হাঁটেনি কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোও বাংলাদেশ ব্যাংকের কাছে ডলার বিক্রিতে আগ্রহ দেখায়নি। গত এক সপ্তাহে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ১ শতাংশ।
গতকাল বুধবার আন্তব্যাংক লেনদেনে সর্বনিম্ন দর ছিল ৭৮ টাকা ২৮ পয়সা, আর সর্বোচ্চ ৭৮ টাকা ৩৪ পয়সা। আর গতকাল ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি করেছে ৮২ টাকায়, কিনেছে ৮০ টাকায়। এর আগে গত অক্টোবর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আন্তব্যাংকে গড়ে ৭৭ টাকা ৮০ পয়সা দরে ডলার কেনাবেচা হয়। এরপর থেকেই বেড়েছে ডলারের দাম।
ডলারের বিপরীতে টাকাকে অবমূল্যায়ন করা হলে রপ্তানি বাড়াতে উৎসাহ পান উদ্যোক্তারা। কারণ, এতে আগের চেয়ে ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা বেশি পান তাঁরা। ফলে রপ্তানিনির্ভর সব দেশই আগ্রহী অবমূল্যায়নে। পাশাপাশি প্রবাসীরাও খুশি হন। কারণ, তখন তাঁরাও দেশে অর্থ পাঠালে আগের চেয়ে স্থানীয় মুদ্রায় বেশি পান।
অন্যদিকে, স্থানীয় মুদ্রা শক্তিশালী হলে আমদানিকারকেরা বেশি লাভবান হন। কারণ, আমদানি ব্যয় মেটানোর জন্য কিছুটা কম দামে তাঁরা ডলার কিনতে পারেন। এত দিন কেন্দ্রীয় ব্যাংক আমদানি ব্যয় কমানোর দিকেই বেশি আগ্রহী ছিল। মূল লক্ষ্য ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। তবে এমনিতেই বিশ্বব্যাপী এখন প্রায় সব ধরনের পণ্যের দাম কমে গেছে। জ্বালানি তেলের দাম সবচেয়ে কম। মূল্যস্ফীতিও এখন নিয়ন্ত্রণে। এ কারণেই বাংলাদেশ ব্যাংক টাকাকে শক্তিশালী রাখার ভাবনা থেকে হয়তো খানিকটা সরে এসেছে।
দেশের রপ্তানি খানিকটা শ্লথ হয়ে পড়েছে। ওঠানামার মধ্যেই চলতি অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি বেড়েছে ৫ শতাংশ হারে। আবার জুলাই-অক্টোবর সময়ে প্রবাসী-আয়ে প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক। এ পরিস্থিতিতে টাকার অবমূল্যায়নে খুশি হবেন রপ্তানিকারক ও প্রবাসীরা।
যদিও বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা এখনো যায়নি। চীন গত আগস্টে হঠাৎ করে তাদের মুদ্রা ইউয়ানের বড় ধরনের অবমূল্যায়ন করে। বাণিজ্য প্রতিযোগিতায় টিকে থাকতে দেশগুলো মুদ্রার অবমূল্যায়নের প্রতিযোগিতায় নামলে শুরু হয়েছিল এই মুদ্রাযুদ্ধ। ইউরোর অবমূল্যায়ন ঘটছিল অনেক দিন ধরেই। এর বাইরে বর্তমান মুদ্রাযুদ্ধে জড়িয়ে পড়ে ভারতের রুপি, রাশিয়ার রুবলসহ প্রায় সব দেশের মুদ্রাই। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যে যাদের সম্পৃক্ততা বেশি, তারা টিকে থাকতে বাধ্য হয়েছে এ যুদ্ধে অংশ নিয়ে। এত দিন কেবল বাংলাদেশই ছিল বাইরে।
গত আগস্ট পর্যন্ত বিভিন্ন মুদ্রামানের পরিবর্তন নিয়ে একটি হিসাব তৈরি করেছে বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়। এখানে তুলনা করা হয়েছে ২০১৪ সালের আগস্ট মাসের সঙ্গে। দেখা গেছে, এক বছরে ইউরোর বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ১৬ শতাংশ, ইউয়ানের বিপরীতে হয়েছে প্রায় ৩ শতাংশ, ব্রিটিশ পাউন্ডের বিপরীতে প্রায় ৭ শতাংশ, জাপানের ইয়েনের বিপরীতে প্রায় ১৭ শতাংশ, ভারতীয় রুপির বিপরীতে ৬ শতাংশ, কানাডীয় ডলারের বিপরীতে প্রায় ১৭ শতাংশ, সিঙ্গাপুরের ডলারের বিপরীতে প্রায় ১১ শতাংশ, থাই বাথের বিপরীতে প্রায় ১০ শতাংশ, সুইডিশ ক্রোনারের বিপরীতে সাড়ে ১৯ শতাংশ, ইন্দোনেশিয়ার রুপিয়ার বিপরীতে ১৪ শতাংশ, মালয়েশিয়ার রিঙ্গিতের বিপরীতে ২১ শতাংশ, পাকিস্তানি রুপির বিপরীতে ২ শতাংশ এবং ভিয়েতনামের ডং-এর তুলনায় টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ৬ শতাংশ।