ডলারের চাহিদা বেড়ে টাকার দাম কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে দেশে আন্তব্যাংক মুদ্রাবাজারে স্থানীয় টাকার বিপরীতে মার্কিন ডলারের দর বাড়ার ধারা গত সপ্তাহেও অব্যাহত ছিল। এই সপ্তাহে টাকার বিপরীতে প্রতি ডলারের দর বাড়ে প্রায় এক টাকা ৫৯ পয়সা।সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭৭ টাকা ০১ পয়সায় লেনদেন হলেও সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারে তা ৭৮ টাকা ৬০ পয়সায় ওঠে। এর মধ্যে ওই দিনই ডলারের দর ৮০ পয়সা বেড়েছে।আন্তর্জাতিক মুদ্রাবাজারে গত সপ্তাহের শুরুতে মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর পড়ে যায়। বিশ্লেষকেরা বলেন, রেটিং এজেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর ইউরো জোনের দেশগুলোর ক্রেডিট রেটিং কমিয়ে দেওয়ার আশঙ্কা থেকেই ইউরোর দরপতন ঘটে।তবে কিছুদিনের মধ্যে শুরু হতে যাওয়া ইউরোপীয় সম্মেলন সামনে রেখে ডলারের বিপরীতে ইউরোর দর কিছুটা বাড়ে। সে অনুযায়ী আশা করা হচ্ছে, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরের সতর্কবাণীর কারণে ইউরোপের শীর্ষস্থানীয় নেতারা ইউরো জোনের সংকট মোকাবিলায় উপযুক্ত সিদ্ধান্ত নেবেন।বিশ্ববাজারে আগের সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়লেও গত সপ্তাহের শুরুতে পড়ে যায়। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর ইউরো জোনের দেশগুলোর ক্রেডিট রেটিং কমাতে পারে—এমন আশঙ্কায় তেলের দাম কমে। তবে ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সদস্যদের মধ্যে দ্বিতীয় বৃহৎ উৎপাদনকারী এই দেশ থেকে সরবরাহে বাধা পড়ার শঙ্কা দেখা দেয়। তবে ইউরোপীয় সম্মেলন সামনে রেখে তেলের দাম ব্যারেলপ্রতি ১০৯ মার্কিন ডলারের ওপরে ওঠে আসে।আগের সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ বাড়লেও গত সপ্তাহের শুরুতে কিন্তু ১ দশমিক ৫ শতাংশ পড়ে যায়। এই দরপতন আগের দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। ইউরো জোনের দেশগুলোর ক্রেডিট রেটিং কমে যাওয়ার শঙ্কা থেকে এই দরপতন ঘটে। তবে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সুদের হার কমানোর খবরে স্বর্ণের দাম বাড়ে। তবে ইউরোপের নেতাদের সংকট মোকাবিলায় সঠিক পদক্ষেপ নেওয়ার আশায় সপ্তাহ শেষে স্বর্ণের দাম ০.৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়ায় এক হাজার ৭৩৮ ডলার।এদিকে দেশে গত সপ্তাহের শেষদিকে কলমানির (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরস্পরের সঙ্গে স্বল্প মেয়াদের লেনদেন) সুদের হার ব্যাপকভাবে বাড়তে দেখা যায়। সপ্তাহের শুরুতে ৬ দশমিক ২৫ থেকে ৮ দশমিক ৫০ শতাংশ সুদে কলমানির লেনদেন হলেও শেষ দিনে তা ২০ শতাংশে উন্নীত হতে দেখা যায়। কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সরবরাহ বন্ধ রাখা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বড় আকারের তহবিল কলমানি বাজার থেকে বেরিয়ে যাওয়ার কারণে তারল্যসংকট দেখা দেয় এবং কলমানির সুদের হার বাড়ে।আলোচ্য সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে ১৮২ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের ৩০০ কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তর্নিহিত সুদের হার ২০ বেসিস পয়েন্ট বেড়ে ৯ দশমিক ১০ শতাংশে নির্ধারিত হয়। এ ছাড়া গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে পাঁচ বছর মেয়াদি সরকারি ট্রেজারি বন্ডের ৫০০ কোটি টাকার নিলাম হয়। এ ক্ষেত্রে অন্তর্নিহিত সুদের হার ৮ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত থাকে। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ।