ডলারের চাহিদায় স্থিতি আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংক গত বৃহস্পতিবার আন্তব্যাংক মুদ্রাবাজারে এক কোটি ডলার বিক্রি করতে চেয়ে ক্রেতা পায়নি। উপায়ন্তর না দেখে বাংলাদেশ ব্যাংকের কাছে এই ডলার বিক্রির চেষ্টা চালায় ব্যাংকটি। কেন্দ্রীয় ব্যাংকও সে ডলার নেয়নি। তবে একটা ব্যবস্থা করে দিয়েছে। অগ্রণী ব্যাংককে দিয়ে ডলারগুলো কিনিয়েছে। অগ্রণী ব্যাংক ইতিপূর্বে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার ধার (ওডি বা ওভার ড্রাফট) নিয়েছিল। সেই ডলার এখন শোধ করছে। বৃহস্পতিবারই অগ্রণী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এক কোটি ২০ লাখ ডলারের ওডি পরিশোধ করে। তবে আরও কিছু ওডি এখনো রয়েছে।পুরো ঘটনাটির মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট। বৈদেশিক মুদ্রার বিশেষত মার্কিন ডলারের জন্য ঊর্ধ্বমুখী চাহিদা প্রশমিত হতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে দেশের বৈদেশিক লেনদেন বেশ চাপের মধ্যে পড়েছিল। ডলার পেতে ব্যাংকগুলোকে হিমশিম খেতে হয়েছে। ব্যবসায়ীরা সরকারের কাছে অভিযোগ করেছেন, তাঁরা প্রয়োজনীয় আমদানির জন্য ডলার পাচ্ছেন না। সরবরাহের বিপরীতে চাহিদা বেড়ে যাওয়ায় কয়েক মাস ধরে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হয় ডলারের বাজারে। বস্তুত গত দুই অর্থবছরে সরকারের বাজেটে যে প্রকল্প-সাহায্য পাওয়ার কথা ছিল, তার বড় অংশই পাওয়া যায়নি। এতে একটা ভারসাম্যহীনতা ছিল। তার ওপর আমদানিজনিত চাহিদা বেড়ে গিয়ে ডলারের বিপরীতে টাকার মূল্যমান গত কয়েক মাসে বেশ খানিকটা কমে যায়। তবে এখন এই পরিস্থিতিতে কিছুটা স্থিতিশীলতা আসছে বলে মনে করা হচ্ছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আগামী সেপ্টেম্বর পর্যন্ত অন্তত কিছুটা স্বস্তির মধ্যে থাকবে সামগ্রিক বৈদেশিক খাত। ডলারের দাম কিছুটা নিম্নমুখী হবে। গত বৃহস্পতিবারই আন্তব্যাংকে প্রতি ডলার ৭৪ দশমিক ৭০ টাকায় বিক্রি হয়েছে। এ দিন ব্যাংকগুলো আমদানির ডলারের (বিসি সিলিং) মূল্য নিয়েছে ৭৫ দশমিক ০২ টাকা। আর আন্তব্যাংকে মোট পাঁচ কোটি ৪০ লাখ ডলার কেনাবেচা হয়েছে। ১০ মাস আগে অর্থাৎ গত অক্টোবর মাসে আন্তব্যাংকে প্রতি ডলার বিক্রি হয়েছে গড়ে ৬৯ দশমিক ৫০ টাকায়। বিসি সেলিং বিনিময় হার ছিল ৬৯ দশমিক ৮০ টাকা। চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান কমতে শুরু করায় সামগ্রিক লেনদেনের ভারসাম্যেও কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে। ফলে চলতি হিসাবে সামান্য কিছু উদৃ্বত্ত নিয়ে ২০১১-১২ অর্থবছর শুরু হচ্ছে। ধারণা করা হচ্ছিল, ২০১০-১১ অর্থবছর শেষে এসে চলতি হিসাবে খানিকটা ঘাটতি দেখা দেবে। উল্লেখ্য, ২০০৪-০৫ অর্থবছরের পর প্রতিবছরই চলতি হিসাবে উদ্বৃত্তাবস্থা বেড়েছে। চাহিদা বৃদ্ধি: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ বছর ৭০০ কোটি ডলারের জ্বালানি তেল আমদানির লক্ষ্যমাত্রা ঠিক করেছে। জ্বালানি তেল আমদানির ডলার জোগান দিতে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোকে আন্তব্যাংকে যেতে হয়েছে ডলার কিনতে। আবার দেশে নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে বিদেশ থেকে বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানির জন্যও বড় অঙ্কের ডলার জোগান দিতে হয়েছে ব্যাংকগুলোকে। এভাবে বাড়তি চাহিদা মেটাতে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকেও ওডি নিতে হয়েছে। মাস দুয়েক আগে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে ১৩০ কোটি ডলারের ওভার ড্রাফট দিলেও ডলার বিক্রি করেনি। কেননা, তখন মুদ্রাবাজারে নগদ টাকার বা তারল্যের বেশ সংকট ছিল। সে সময় বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করলে টাকার সংকট আরও ঘনীভূত হতো।সরবরাহে উন্নতি: জানা যায়, বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য যন্ত্রপাতি আমদানির চাপ ইতিমধ্যে শেষ হয়েছে। রমজান সামনে রেখে প্রয়োজনীয় আমদানিসহ সরকারের খাদ্যসামগ্রী আমদানির কাজও প্রায় শেষ হয়েছে। আবার দেশের স্পিনিং মিলগুলোতে পর্যাপ্ত সুতা জমে যাওয়ায় নতুন করে তুলা আমদানির ঋণপত্র খোলা একরকম বন্ধ। ইউরোপীয় ইউনিয়নে জিএসপির নতুন উৎস বিধির (রুলস অব অরিজিন) কারণে তৈরি পোশাক শিল্প মালিকেরা বিদেশ থেকে সুতা কিংবা কাপড় এনে সেলাই করে বিদেশে রপ্তানি করেছে। তাই স্থানীয় মিলগুলোতে সুতা জমে পড়েছে। সর্বোপরি ঋণ নিয়ন্ত্রণের কারণে সীমার মধ্যে থেকে ব্যাংকগুলোর হাতেও নতুন ঋণপত্র খোলার মতো অর্থও নেই। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক দেশে উচ্চ মূল্যস্ফীতির প্রবণতায় যাতে অতিরিক্ত অর্থপ্রবাহ নতুন করে মূল স্তরকে উসকে না দেয়, সে জন্য আট-নয় মাস ধরে মুদ্রাপ্রবাহের রেশ টেনে ধরে রেখেছে। এর আওতায় ঋণ নিয়ন্ত্রণমূলক নানা পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ পর্যায়ে ব্যাংকগুলোর ঋণ-আমানত অনুপাত (সিডিআর রেশিও) ৮৫ শতাংশ নির্ধারণ করে দেওয়া হয়। তবে বেশির ভাগ ব্যাংকই এই হারের চেয়ে বেশি ঋণ আগেই দিয়ে ফেলায় নতুন ঋণ দেওয়া এক প্রকার বন্ধ হয়ে পড়ে। এতে বিলাসসামগ্রীসহ বিভিন্ন পণ্য আমদানির এলসি খোলাও বন্ধ করতে বাধ্য হয়েছে ব্যাংকগুলো। ফলে এই ব্যাংকগুলোর ডলারের চাহিদা আর থাকেনি। ঈদের কারণে নিয়মিত প্রবণতা হিসেবে আগামী মাসেই প্রবাসী-আয় প্রবাহ বেশ বাড়বে, যা ডলারের জোগান বাড়াবে।আবার জুলাই মাসে বিপিসির ৪৭ কোটি ২০ লাখ ডলারের জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে। ২০ জুলাই পর্যন্ত ৭০ ভাগ আমদানির অর্থ সংস্থান হয়েছে। বাকি সময়ে ডলারের সংস্থান রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোই করতে পারবে। আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিপিসির পরিকল্পনা হচ্ছে প্রত্যেক মাসে ৪৫ কোটি ডলারের তেল আমদানি। এই অর্থও রাষ্ট্র খাতের ব্যাংকগুলো সংস্থান দিতে পারবে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে।এসব মিলিয়ে আগামী দুই মাসে বৈদেশিক খাত নিয়ে কিছুটা স্বস্তিতে থাকা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।