বৈদেশিক মুদ্রাবাজার
ডলারের দাম চড়া, রিয়ালও ছুটছে
আমদানি খরচ ৫০ শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে প্রবাসী আয় কমছে। রমজানের কারণে সৌদি যাত্রাও বেড়েছে।
ইউক্রেনে হামলা শুরুর পর থেকে মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের দাম প্রায় ৫০ শতাংশ কমে গেছে। এরপর থেকে বাংলাদেশেও ডলারের দাম বাড়তে শুরু করেছে। সঙ্গে বাড়ছে সৌদি রিয়ালের দামও। গতকাল মঙ্গলবার রাজধানীর খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ৯১ টাকা ২০ পয়সা। দুই সপ্তাহ আগেও খোলাবাজারে ডলারের দাম ছিল ৯০ টাকা। তবে ব্যাংক ব্যবস্থায়ও খুচরা বিক্রির ক্ষেত্রে ডলারের দামের খুব একটা হেরফের হয়নি।
এদিকে রমজান মাস সামনে রেখে বাংলাদেশিদের সৌদি আরব যাওয়া বেড়েছে। ফলে ডলারের পাশাপাশি সৌদি রিয়ালের দামও এখন বাড়তির দিকে। গতকাল খোলাবাজারে প্রতি রিয়াল বিক্রি হয়েছে ২৪ টাকায়। দুই সপ্তাহ আগেও এ দাম ছিল ২৩ টাকা ৪০ পয়সা। তবে অন্যান্য দেশের মুদ্রার মান বা বিনিময়মূল্য এখনো স্থিতিশীল আছে।
তবে বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে ডলারের দামের কোনো তারতম্য হয়নি। ৯ জানুয়ারি থেকেই ডলারের দাম ৮৬ টাকায় আটকে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের দাম ধরে রাখতে গত ১ জুলাই থেকে গতকাল পর্যন্ত ৩৪৫ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। পাশাপাশি খাদ্যপণ্যের দামও বেড়েছে। ফলে আমদানি খরচ ৫০ শতাংশের বেশি বেড়ে গেছে। অন্যদিকে প্রবাসী আয় এখন নিম্নমুখী। আবার করোনার পর মানুষের বিদেশ যাতায়াতও বেড়েছে। এই কারণে বাজারে ডলারের চাহিদা বেড়ে গেছে, যা খোলাবাজারে ডলারের দাম বাড়িয়ে দিয়েছে।
ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখনো সাধারণ মানুষের বড় অংশই বিদেশ যাওয়ার ক্ষেত্রে ডলার কেনায় খোলাবাজারের ওপর বেশি নির্ভরশীল। ওই বাজারের ওপর কারও তেমন কোনো নিয়ন্ত্রণও নেই। তাই চাহিদা বেড়ে গেলে খোলাবাজারে ডলারের দাম তাৎক্ষণিকভাবে বেড়ে যায়।
এদিকে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম ধরে রাখলেও সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর ঠিকই ডলারের দাম গত দুই মাসে এক টাকা পর্যন্ত বাড়িয়েছে। রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক গতকাল নগদে প্রতি ডলার বিক্রি করেছে ৯০ টাকা ৫০ পয়সায়। আর বেসরকারি খাতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতি ডলার বিক্রি করেছে ৯০ টাকা ৩০ পয়সায় ও ইস্টার্ণ ব্যাংক ৯০ টাকায়। খুচরা বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলো ডলারের দাম বাড়ালেও আমদানির ক্ষেত্রে প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৬ টাকা বা তার কাছাকাছিতে আটকে রেখেছে।
রাজধানীর মতিঝিলের মানি চেঞ্জার ও খোলাবাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউক্রেনে রুশ হামলার পর বাজারে ডলারের সরবরাহ কমে গেছে। অন্যদিকে বেড়েছে ডলারের চাহিদাও। কারণ, করোনার কারণে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে বিদেশে যাওয়া প্রবণতা বেড়েছে। ফলে দামের ওপর চাপ তৈরি হয়েছে।
মতিঝিলের খোলাবাজারে ডলার বিক্রি করেন মো. রিপন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ডলার ও রিয়ালের সরবরাহ কমে গেছে। এই কারণে দাম বাড়ছে।
মতিঝিলের খোলাবাজারে গতকাল প্রতি ডলার বিক্রি হয় ৯১ টাকা ২০ পয়সায়। দুই সপ্তাহ আগেও যা ৯০ টাকা বা এর নিচে ছিল। এদিকে ডলারের দাম বেড়ে যাওয়ায় বিক্রেতারা এখন যে দেশে ভ্রমণে যেতে ইচ্ছুক, সেই দেশের মুদ্রা কেনার পরামর্শ দিচ্ছেন। কারণ, সব মুদ্রার দাম বাড়েনি। এদিকে প্রতি রিয়াল গতকাল খোলাবাজারে বিক্রি হয়েছে ২৪ টাকায়।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, আমদানি অনেক বেড়ে গেছে। আর আমদানি বাড়লে অনানুষ্ঠানিক ডলারের লেনদেনও বেড়ে যায়। আবার প্রবাসী আয়ও এখন নিম্নমুখী। ফলে খোলা বাজারে ডলারের ওপর চাপ তৈরি হয়েছে। এতে করে বড় অঙ্কের টাকা ডলারের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে চলে যাচ্ছে। সামনে ডলার ও টাকার ওপর অবিশ্বাস্য রকম চাপ তৈরি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বলা যায়, কঠিন দিন আসছে। আর রমজানের কারণে সৌদি আরবে যাওয়া বেড়েছে, তাই রিয়ালের দামও বাড়ছে।