ডলারের দাম বেড়েছে আমদানির চাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৈদেশিক মুদ্রার বাজারে মার্কিন ডলারের সরবরাহে আবারও টান পড়েছে। ফলে টাকার বিপরীতে বেড়েছে এই মুদ্রার দাম। সপ্তাহ দু-এক ধরে ব্যবসায়ীদের ৮৩ থেকে ৮৪ টাকা দরে ডলার কিনতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দাম আরও বেশি নিচ্ছে কিছু ব্যাংক। এর আগে গত এপ্রিলেও ডলারের দাম বেড়েছিল, তবে এতটা সময় ধরে তা থাকেনি।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত সোমবার গড়ে ৮২ টাকা ৫০ পয়সা দরে ডলার কেনাবেচা হয়। গত ১ নভেম্বর তা ৮০ টাকা ৯০ পয়সায় কেনাবেচা হয়। আর গত বছরের ডিসেম্বরেও গড়ে ডলারের বিনিময়মূল্য ছিল ৭৯ টাকার নিচে।
হঠাৎ করে ডলারের দাম এভাবে বেড়ে যাওয়ার কারণ আমদানির চাপ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি আমদানির জন্য বড় অঙ্কের ঋণপত্র খুলেছে বাংলাদেশ আণবিক শক্তি কমিশন। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ঋণপত্র খোলার হার বেড়েছে ৮৮ শতাংশ। ঋণপত্র নিষ্পত্তিও বেড়েছে ২০ শতাংশ। ঋণপত্রের বড় অংশই সরকারি প্রকল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানির। এ ছাড়া বেসরকারি খাতে মূলধনী যন্ত্রপাতি, ভোগ্যপণ্য ও কাঁচামাল আমদানিও বাড়ছে। ঋণপত্র খোলার হার হঠাৎ বেড়ে যাওয়ায় বেসরকারি প্রকল্পের আমদানির প্রয়োজনীয়তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এদিকে বছরের মুনাফা বাড়াতে ব্যাংকগুলো সব ধরনের আমদানি ঋণপত্র ডিসেম্বরের মধ্যেই নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে। এ কারণে মূলত ডলারের সরবরাহে চাপ তৈরি হয়েছে। এই সুযোগে কিছু ব্যাংক এই বাজার থেকে বাড়তি মুনাফা করার চেষ্টা করেছে। এ জন্য ২৬টি ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা ক্ষমা চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে।
ডলারের চড়া দামের কারণে পণ্য আমদানির ব্যয় বেড়ে যাচ্ছে। আমদানিকারকেরা বলছেন, ঋণপত্রের বিপরীতে অর্থ পরিশোধ করতে গিয়ে তাঁদের খরচ বেশি পড়ছে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘প্রতি ডলারের দাম ৩ টাকা বেড়ে গেছে। ১ লাখ ডলারের পণ্য আমদানিতে ৪ লাখ টাকা বেশি ব্যয় হচ্ছে। সব ধরনের আমদানি পণ্যে এর প্রভাব পড়বে। বাজারে চাহিদামতো ডলার ছাড়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দিয়েছি আমরা।’
দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপের মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) বিশ্বজিৎ সাহা বলেন, ‘সর্বশেষ আমরা সর্বোচ্চ ৮৪ টাকা ৮৫ পয়সা দরে ডলার কিনেছি। মাস দু-এক আগেও এই দর ৮০ টাকার নিচে ছিল।’ তিনি বলেন, বড় আমদানিকারকেরা বিলম্বিত বা ডেফার্ড ঋণপত্র খুলে আমদানি করেন। ছয় মাস পরে তার মূল্য পরিশোধ করা হয়। এখন দেখা যাচ্ছে, ডলারের বাড়তি দাম দিতে গিয়ে লোকসান হচ্ছে।
ডলারের দামের কারণে কোনো পণ্যের দাম বেড়েছে কি না, জানতে চাইলে বিশ্বজিৎ সাহা বলেন, ‘তেল, চিনি, গম—সব পণ্য আমদানিতেই খরচ বেশি পড়ছে। আমরা এখনো দাম বাড়াইনি। তবে বাড়াতে হবে।’
বাংলাদেশ পণ্য আমদানি ও রপ্তানিতে সাধারণত ঋণপত্র খোলা হয় ডলারে। কোনো কারণে ব্যাংকিং ব্যবস্থায় ডলারের চাহিদা বেড়ে গেলে এর মূল্য বৃদ্ধি পায়। আর ডলারের দাম বাড়লে পণ্য আমদানির ব্যয়ও বাড়ে। তবে রপ্তানি ও প্রবাসী আয় উৎসাহিত হয়।
ব্যবসায়ীরা বলছেন, গত মাসের শেষ দিকে ব্যাংকগুলো ডলারের দাম ৮৫ টাকাও নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তদারকি শুরু হওয়ায় দাম কিছুটা কমিয়েছে। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের একজন ব্যবসায়ী দাবি করেন, সেখানকার কিছু ব্যাংক ঋণপত্রের অঙ্ক ১ লাখ ডলারের বেশি হলে বাড়তি দর নিচ্ছে, কিন্তু কাগজে-কলমে দর দেখাচ্ছে ৮৩ টাকা।
ডলারের দাম ধরে রাখতে ২০১২ সালের জুলাই থেকে গত জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ডলার কিনেছে। এখন বিক্রি করছে। গতকাল সোমবার পর্যন্ত চলতি অর্থবছরে ব্যাংকগুলোর কাছে ৮৫ কোটি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সংকট কাটাতে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আকার ২৫০ কোটি থেকে বাড়িয়ে ৩০০ কোটি ডলার করা হয়েছে।

আমদানির চাপ
দেশে গত কয়েক মাসে পণ্য আমদানির চাপ বেড়েছে, কিন্তু প্রবাসী ও রপ্তানি আয় সেভাবে বাড়েনি।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে আমদানির জন্য ঋণপত্র ৮৮ শতাংশ বেড়েছে। বাংলাদেশ আণবিক শক্তি কমিশন গত মাসে সোনালী ব্যাংকে ১ হাজার ১৩৮ কোটি ডলারের ঋণপত্র খোলে। এ কারণেই নভেম্বরেই ঋণপত্র খোলার পরিমাণ বেড়ে হয় ১ হাজার ৬৩৩ কোটি ডলার। একইভাবে গত পাঁচ মাসে ঋণপত্র নিষ্পত্তিও বেড়েছে ২০ শতাংশ। এ সময় রপ্তানি বেড়েছে মাত্র ৬ দশমিক ৮৬ শতাংশ এবং প্রবাসী আয় বেড়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ।

২৬ ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ধরা পড়ে, কয়েকটি ব্যাংক ডলারের দাম বলছে এক রকম, রাখছে আরেক রকম। এ কারণেই সংকট তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২৬ ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ দিলে ব্যাংকগুলো ক্ষমা চেয়েছে। এ অবস্থায় ঘোষিত দামেই ডলার বিক্রি করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা)।
ব্যাংকগুলো হলো বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও আল ফালাহ। অন্য ব্যাংকগুলো হলো এবি, এনসিসি, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট, ঢাকা, সাউথইস্ট, মার্কেন্টাইল, ইউসিবিএল, ব্র্যাক, ইস্টার্ন, দ্য সিটি, স্ট্যান্ডার্ড, ওয়ান, সোশ্যাল ইসলামী, ট্রাস্ট, প্রাইম, যমুনা, এবি, শাহজালাল ইসলামী, পূবালী, মিডল্যান্ড ও মধুমতি ব্যাংক।
এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান বলেন, ‘আমদানি বাড়ায় ডলারের চাহিদা অনেকে বেড়ে গেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি দিয়েছিল। আমরা ভুল স্বীকার করে চিঠি দিয়েছি।’
ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী বলেন, সুযোগ পেয়ে অনেকে ডলারের দাম বাড়াতে ভূমিকা রেখেছে। এ
কারণে বাংলাদেশ ব্যাংক যেভাবে বাজারে হস্তক্ষেপ করেছে, সেটা ভালো। তিনি বলেন, ‘চাহিদা বাড়ায় ডলারের দাম বাড়ছে, এ কারণে এক দিনেই দুই ধরনের দাম দিতে হয়েছে আমাদের। বাংলাদেশ ব্যাংক বিষয়টা ধরেছে, আমরা অন্য ব্যাংকের মতোই ক্ষমা চেয়েছি।’