ডলারের বিপরীতে ইউরো ও পাউন্ডের দর প্রায় নয় মাসের মধ্যে সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আন্তব্যাংক মুদ্রাবাজারে গত সপ্তাহে টাকার বিপরীতে মার্কিন ডলারের দর স্থিতিশীল ছিল। সপ্তাহের বেশির ভাগ সময় জুড়ে প্রতি ডলার ৬৯ টাকা ৩৫ পয়সায় লেনদেন হলেও সপ্তাহের শেষ দিন তা কিছুটা নমনীয় হয়।আন্তর্জাতিক বাজারে আগের সপ্তাহের মতো গত সপ্তাহেও মার্কিন ডলারের বিপরীতে ইউরোপের একক মুদ্রা ইউরো ও ব্রিটিশ পাউন্ড স্টার্লিং বেশ চাপের মধ্যে ছিল।গ্রিসের অর্থনৈতিক সংকট থেকে উত্তোরণ নিয়ে আশঙ্কা দূরীভূত না হওয়ায় সপ্তাহের শুরুতে মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর নয় মাসের মধ্যে এবং পাউন্ড স্টার্লিং প্রায় সাড়ে আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে মুনাফা উত্তোলনের প্রবণতা বাড়ায় ইউরো ও পাউন্ড স্টার্লিংয়ের দর কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু তা বেশি সময় স্থায়ী হয়নি।যুক্তরাষ্ট্রে আলোচ্য সপ্তাহের (১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি) গোড়ার দিকে প্রকাশিত গৃহায়ণ ও শিল্পোত্পাদনের তথ্য প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় দেশটির মুদ্রা ডলার অন্যান্য গুরুত্বপূর্ণ মুদ্রাগুলোর বিপরীতে অধিকতর শক্তিশালী হয়ে ওঠে।এরপর সে দেশের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ডিসকাউন্ট রেট তথা ব্যাংকগুলোকে দেওয়া আপত্কালীন ঋণের সুদের হার বাড়ানোর ঘোষণা দিলে ডলারের দর আরও বেড়ে যায়। গত বৃহস্পতিবার ফেডারেল রিজার্ভের ডিসকাউন্ট রেট ০ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ০ দশমিক ৭৫ শতাংশে উন্নীত করার ঘোষণাকে বাজার বিশ্লেষকেরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর ইঙ্গিত হিসেবে ধরে নেন।এ সময় প্রতি ইউরোর বিনিময় হার কমে ১ দশমিক ৩৪৯৫ ডলারে নেমে আসে। এ ছাড়া জাপানি ইয়েনের বিপরীতেও মার্কিন ডলারের দর বেড়ে যায়। ফলে প্রতি ডলার এক মাসের মধ্যে সর্বোচ্চ ৯২ দশমিক ১০ ইয়েনে কেনাবেচা হয়। আর ব্রিটিশ পাউন্ড স্টার্লিং এ সময় ১ দশমিক ৫৫৫৪ ডলারে লেনদেন হয়। পরবর্তী সময়ে প্রকাশিত যুক্তরাজ্যের গত জানুয়ারি মাসের খুচরা বিক্রির তথ্য প্রত্যাশার চেয়ে অনেক খারাপ হওয়ার খবরে পাউন্ডের দর ব্যাপকভাবে কমে গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এ সময় প্রতি পাউন্ডের বিনিময় হার কমে ১ দশমিক ৫৩৪৫ ডলারে নেমে আসে।সপ্তাহ শেষে প্রতি ইউরো ১ দশমিক ৩৬১২ ডলারে, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৫৪৮১ ডলারে এবং প্রতি ডলার ৯১ দশমিক ৫৯ ইয়েনে লেনদেন হয়।এদিকে বাংলাদেশে আন্তব্যাংক কলমানির বাজারে (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরস্পর থেকে স্বল্প মেয়াদে নেওয়া কর্জ) গত সপ্তাহে সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে ৪ দশমিক ৫০ শতাংশের মধ্যে ওঠানামা করে।বাংলাদেশ ব্যাংকে এ সপ্তাহে ১৮২ দিন ও ৩৬৪ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের ৬০০ কোটি টাকার নিলাম হয়েছে। এর মধ্যে ১৮২ দিন মেয়াদি বিলের সুদের হার ৩ দশমিক ৫৬ শতাংশে অপরিবর্তিত থাকলেও ৩৬৪ দিন মেয়াদি বিলের অন্তর্নিহিত সুদের হার ২ বেসিস পয়েন্ট বেড়ে ৪ দশমিক ৬৪ শতাংশে নির্ধারিত হয়।অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকে এ সপ্তাহে পাঁচ বছর মেয়াদি সরকারি বন্ডের নিলামও অনুষ্ঠিত হয়। এটির অন্তর্নিহিত সুদের হার ১ বেসিস পয়েন্ট বেড়ে ৭ দশমিক ৮২ শতাংশে নির্ধারিত হয়। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ।