ডলারের বিপরীতে ইউয়ান ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ
মার্কিন ডলারের বিপরীতে চীনা মুদ্রা ইউয়ান গত শুক্রবার সপ্তাহের শেষ কার্যদিবসে ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। খবর বিজনেস লাইনের।মুদ্রাবাজারে পরপর দুই দিন ডলারের বিপরীতে ইউয়ানের দর বৃদ্ধি পাওয়ার পর পিপলস ব্যাংক অব চায়না প্রতি ডলারের দর ৬ দশমিক ২৯ ইউয়ানে নির্ধারণ করেছে। এটি অবশ্য ডলার-ইউয়ান কেনাবেচার মধ্যবর্তী দর, যাকে বলা হয় সেন্ট্রাল প্যারিটি রেট।ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের জন্য চীনা নেতাদের মনোভাবে অচিরেই কিছু পরিবর্তন আসবে। ইতিমধ্যে সে রকম কিছু আভাসও মিলেছে। এরই প্রভাব পড়েছে ডলার-ইউয়ান বিনিময় হারের ওপরে।বিশেষত চীনের ভাইস প্রেসিডেন্ট জি জিংপিং আগামী বছর দেশটির প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন এই খবরটি এ রকম ধারণা তৈরির পেছনে জোরালো ভূমিকা রেখেছে।এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ঝুয়াং জিয়ান বলেছেন, আগামীতে ডলার-ইউয়ান বিনিময় হারে আরও বড় ধরনের ওঠানামা দেখা যাবে। তবে চীনের অর্থনীতির ইতিবাচক পূর্বাভাসও ইউয়ান শক্তিশালী হওয়ার ইঙ্গিত দেয়।অন্যদিকে চায়না ডেইলিতে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ইকোনমিকস রিসার্চের ঊর্ধ্বতন অর্থনীতিবিদ বলেছেন, বাজারের চাহিদা ও জোগানের ভারসাম্য অনুসারেই ইউয়ানের দরে পরিবর্তন এসেছে।যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বরাবরই অভিযোগ করে আসছে যে চীন তার নিজস্ব মুদ্রা ইউয়ান অবমূল্যায়ন করে রেখেছে, যা দেশটির রপ্তানিকারকদের বাড়তি সুবিধা দিচ্ছে।