গত সপ্তাহে স্থানীয় আন্তব্যাংক মুদ্রাবাজারে সরাসরি লেনদেনে বাংলাদেশি টাকার বিপরীতে প্রতি মার্কিন ডলারের দর প্রায় সাড়ে ১০ পয়সা বেড়েছে। বাজারে আমদানিজনিত চাহিদা থাকায় ডলারের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭৩ টাকা ৭৯ পয়সা থেকে ৭৩ টাকা ৮৮ পয়সায় কেনাবেচা হয়। আর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার প্রতি ডলার ৭৩ টাকা ৮৯ পয়সা থেকে ৭৩ টাকা ৯৯ পয়সায় লেনদেন হয়।এ নিয়ে চলতি ২০১১ সালের ১৬ জুন পর্যন্ত সাড়ে পাঁচ মাসে প্রতি মার্কিন ডলারে প্রায় তিন টাকার মতো দরপতন ঘটেছে বাংলাদেশি টাকার। আন্তর্জাতিক মুদ্রাবাজারে ইউরোর দর হারানোর মধ্য দিয়ে শুরু হয় গত সপ্তাহের (১১ থেকে ১৭ জুন) লেনদেন। সোমবার স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর গ্রিসের ঋণমান কমানোর পর প্রতি ইউরোর দর ১ দশমিক ৪৩৫৭ মার্কিন ডলারে নেমে আসে।মঙ্গলবার বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকিগ্রহণের প্রবণতা বাড়ে। এর কয়েকটি কারণের অন্যতম ছিল যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া এবং খুচরা বিক্রি না কমা। অবশ্য চীনের মুদ্রাস্ফীতি গত ৩৪ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে যাওয়া ও দেশটিতে মে মাসে শিল্পোৎপাদন বাড়ার তথ্যে ইউরোসহ বেশি সুদের তথা বেশি ঝুঁকির মুদ্রাগুলোর দর যথেষ্ট বেড়ে যায়।গ্রিসের অর্থনীতি নিয়ে শঙ্কার কারণে সপ্তাহজুড়ে বাজারে বড় ধরনের প্রভাব পড়ে। বুধবার সুইস ফ্রাঙ্ক, ব্রিটিশ পাউন্ড স্টার্লিং এবং কানাডা ও অস্ট্রেলীয় ডলারের বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী হয়ে ওঠে। মূলত গ্রিসের অর্থনীতি নিয়ে শঙ্কার কারণে বাজারে যথেষ্ট ঝুঁকিবিমুখতা দেখা দেয় এবং সেফ হ্যাভেন বা নিরাপদ বিনিয়োগ হিসেবে ট্রেডাররা ব্যাপকভাবে ডলার ও সুইস ফ্রাঙ্ক কেনায় মনোযোগী হয়ে ওঠায় মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি ঘটে বলে বাজার বিশ্লেষকেরা জানান।বৃহস্পতিবার ইউরো অঞ্চলের বন্ডের অন্তর্নিহিত সুদের হার বেড়ে যায় ও জার্মান বন্ডসের সঙ্গে রেকর্ড স্প্রেড বা সুদহারের পার্থক্যে ওই ঈল্ডগুলো লেনদেন হতে থাকে। ইউরো, সুইস ফ্রাঙ্কের বিপরীতে ১ দশমিক ২০ ফ্রাঙ্কের নিচে চলে যায়। তবে সপ্তাহের শেষ দিনে ইউরো কিছুটা শক্তি ফিরে পায়। ইউরো অঞ্চলের নেতারা গ্রিসের ঋণসংকট কাটাতে কাজ করার কথা বলায় বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে।যা-ই হোক, আন্তর্জাতিক বাজারে সপ্তাহের শেষ দিন শুক্রবার প্রতি ইউরো ১ দশমিক ৪৩১৪ ডলারে, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৬১৯৯ ডলারে এবং প্রতি ডলার ৮০ দশমিক ০৭ ইয়েনের কাছাকাছি লেনদেন হয়।এদিকে স্থানীয় আন্তব্যাংক মুদ্রাবাজারে কলমানির (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরস্পরের কাছ থেকে নেওয়া কর্জ) সুদের হার গত সপ্তাহজুড়েই ঊর্ধ্বমুখী ছিল। সপ্তাহের বেশির ভাগ কলমানির লেনদেন সম্পন্ন হয়েছে ১০ থেকে ১২ শতাংশ সুদে। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ।