ডলারের বিপরীতে টাকার মান বছরজুড়ে প্রায় স্থিতিশীল ছিল
স্থানীয় মুদ্রাবাজারে ২০০৯ সালে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকা মোটামুটি শক্তিশালী ও স্থিতিশীল অবস্থায় ছিল। বছর শেষের হিসাবে অবশ্য বাংলাদেশি টাকার বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। মূলত প্রবাসী-আয় প্রবাহে ঊর্ধ্বগতি ও আন্তর্জাতিক বাজারে পণ্যসামগ্রীর দাম কমার সুবাদে আমদানির জন্য ডলারের চাহিদা কিছুটা কম থাকায় ২০০৯ সালে বিশ্বের অন্যতম প্রধান মুদ্রাটির বিপরীতে স্থানীয় টাকার শক্তিমত্তা বজায় থাকে।সিটিব্যাংক এনএ গত বছরের দেশীয় ও আন্তর্জাতিক মুদ্রাবাজার পরিস্থিতির যে পর্যালোচনা প্রতিবেদন প্রস্তুত করেছে, তাতে এসব কথা বলা হয়েছে।এতে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক বিনিময় হার স্থিতিশীল রাখতে স্থানীয় আন্তব্যাংক মুদ্রাবাজার থেকে অব্যাহতভাবে মার্কিন ডলার কেনাসহ সময়োপযোগী কিছু পদক্ষেপ নেওয়ায় এশিয়ার অন্যান্য মুদ্রার মতো টাকার শক্তি খোয়া যায়নি।২০০৯ সালের জুলাই থেকে নভেম্বর মাসের আমদানি ঋণপত্র (এলসি) ও জুলাই-অক্টোবর সময়ের রপ্তানি আয়ের তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, এ বছরের শেষ দুটি প্রান্তিকে প্রথম দুই প্রান্তিকের মতো দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে তেমন ওঠানামা হয়নি। বাণিজ্যিক ব্যাংকগুলোতে জুলাই-অক্টোবর সময়কালে মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য খোলা ঋণপত্রের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। বিভিন্ন ব্যাংকে অতিরিক্ত তহবিলের পরিমাণও ধীরে ধীরে কমে আসছে। আন্তব্যাংক মুদ্রাবাজারেও কলমানির (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরস্পরের কাছ থেকে স্বল্প মেয়াদে নেওয়া ঋণ) সুদের হার বাড়তে শুরু করেছে। এই হার একপর্যায়ে প্রায় শূন্যের কাছাকাছি নেমে গিয়েছিল।বছরের শেষ সপ্তাহে এই হার ৩ দশমিক ২৫ থেকে ৪ দশমিক ৫০ শতাংশের মধ্যে ওঠানামা করে। বাংলাদেশ ব্যাংকে গত সপ্তাহে ৯১ দিন ও ৩৬৪ দিন মেয়াদি বিলের যথাক্রমে ৩০০ কোটি ও ২৫০ কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হয়। এতে ৯১ দিন ও ৩৬৪ দিন মেয়াদি বিলের অন্তর্নিহিত সুদের হার এক বেসিস পয়েন্ট করে বেড়ে যথাক্রমে ২ দশমিক ৩১ ও ৪ দশমিক ৬১ শতাংশে অপরিবর্তিত থাকে। গত সপ্তাহে সরকারি ট্রেজারি বন্ডের কোনো নিলাম অনুষ্ঠিত হয়নি।অক্টোবর মাসের শেষদিকে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করে। পরবর্তী সময় অবশ্য তারা নিজেরা বাংলাদেশ ব্যাংক থেকে সীমিত আকারে ডলার কেনে। সিটিব্যাংকের পর্যালোচনায় আরও বলা হয়েছে, অক্টোবর থেকে মুদ্রাবাজারে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় টাকার মূল্যমান কমতে থাকে।২০০৯ সালের শেষে এসে প্রতি ডলার ৬৯ টাকা ২৫ পয়সায় কেনাবেচা হয়, যা বছরের শুরু থেকে শূন্য দশমিক ৪০ শতাংশ বেশি। আন্তর্জাতিক বাজার: আন্তর্জাতিক মুদ্রাবাজারে বরাবরের মতোই ছুটির কারণে সীমিত লেনদেনের মধ্য দিয়ে শুরু হয় বছরের শেষ সপ্তাহ (২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি)। এ সময় প্রতি ডলার ৯১ দশমিক ৫৪ ইয়েনে কেনাবেচা হয়। প্রতি ইউরোর দর উঠে যায় ১৩১ দশমিক ৮১ ইয়েনে। জাপানে অবশ্য গত সোমবারই ছিল অনেক প্রতিষ্ঠানের জন্য বছরের শেষ দিন।২০০৯ সালে ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের দর প্রায় এক শতাংশ বাড়ে। এর আগের বছর ২০০৮ সালে ইয়েনের বিপরীতে ডলারের বিনিময় হার প্রায় ১৯ শতাংশ পড়ে গিয়েছিল। ২০০৯ সালে বিশ্ব মুদ্রাবাজারের বেশ কিছু ঘটনা ঘটে। ২৩ জানুয়ারি প্রতি ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের দর ১ দশমিক ৩৪৯৮ ডলারে নেমে যায়, যা গত ২৩ বছরের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের সর্বনিম্ন দর।১৬ নভেম্বর প্রতি অস্ট্রেলিয়ান ডলারের দর শূন্য দশমিক ৯৪০৫ ডলারে পৌঁছে, যা ছিল ডলারের বিপরীতে গত ১৫ বছরের মধ্যে অস্ট্রেলীয় ডলারের সর্বোচ্চ দর। ২৫ নভেম্বর সুইস ফ্রাঙ্ক মার্কিন ডলারের সমমানে পৌঁছে যায়।২৬ নভেম্বর প্রতি ডলারের বিপরীতে জাপানি ইয়েন কেনাবেচা হয় ৮৪ দশমিক ৮১ ইয়েনে, যা ছিল গত ১৪ বছরের মধ্যে ডলারের বিপরীতে ইয়েনের সর্বোচ্চ দর।অর্থনৈতিক মন্দা থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় গত সপ্তাহের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৭৮ ডলারে কেনাবেচা হয়। সপ্তাহের মাঝামাঝি সময় আমেরিকার এক সরকারি প্রতিবেদনে তেলের মজুদ কম থাকার খবর প্রকাশিত হওয়ায় ও প্রচণ্ড শীতের কারণে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮০ ডলারের কাছাকাছি উঠে যায়, যা যুক্তরাষ্ট্রে ২০০৮ সালের ৩১ ডিসেম্বরের তুলনায় ৭৮ শতাংশ বেশি।