ডলারের বিপরীতে ভারতীয় রুপির হার সর্বনিম্ন
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির বিনিময় হার ব্যাপকভাবে কমে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।রুপির দাম কমে গত বুধবার ডলারপ্রতি ৫৫ দশমিক ৮২ রুপিতে নেমে এসেছে, যা আগের দিন মঙ্গলবার ছিল ৫৫ দশমিক ৩৯ ডলার। যখনই ভারতের অর্থনীতিতে প্রবৃদ্ধি কমায় ও মূল্যস্ফীতি বাড়ায় উদ্বেগ বাড়ছিল, তখনই তাদের মুদ্রার বিনিময় হারেও বড় ধরনের পতন ঘটল।বিশ্লেষকেরা মনে করেন, বৈশ্বিক অর্থনীতিতে মন্থরতার পরিস্থিতিতে প্রবৃদ্ধি হ্রাস, মূল্যস্ফীতি বৃদ্ধি ও স্থানীয় মুদ্রার ব্যাপক পতন ভারতের অর্থনীতির জন্য ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। খবর বিবিসির।গত বছরের আগস্ট মাস থেকে এ পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম তথা বিনিময় হার প্রায় ২৬ শতাংশ কমেছে। আর গত বছরের জুলাইকে হিসাবে ধরলে রুপির পতনের হার দাঁড়াবে ২৭ শতাংশ।মূলত ছয়টি কারণে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার কমেছে বলে বিবিসির আরেকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণগুলো হচ্ছে: ব্যাপক বাণিজ্য ঘাটতি, পুঁজি প্রবাহ হ্রাস, চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের ঘাটতি, রুপির অবমূল্যায়নের চাপ, স্বল্প প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতি এবং রুপি নিয়ে ফাটকাবাজি।এদিকে বিভিন্ন প্রতিবেদনে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে মার্কিন ডলার বিক্রি করার মাধ্যমে স্থানীয় মুদ্রা রুপির দরপতন ঠেকানোর পরামর্শ দেওয়া হয়েছে।ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি সম্প্রতি জানিয়েছেন, বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা রোধ ও রুপির বিনিময় হার বাড়াতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।চলতি মে মাসের গোড়ার দিকে কেন্দ্রীয় ব্যাংক অব ইন্ডিয়া রপ্তানিকারকদের তাঁদের বৈদেশিক মুদ্রার ৫০ শতাংশ পরিমাণ অর্থ ভারতীয় রুপিতে রূপান্তর করতে বলেছে, যাতে রুপি কিছুটা চাঙা হয়ে ওঠে।