মার্কিন ডলারের বিপরীতে আবার ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে। গত শুক্রবার প্রতি ডলারের বিনিময় হার ৬২ রুপিতে উন্নীত হয়েছিল। এটি হচ্ছে ডলারের বিপরীতে রুপির সর্বকালের সর্বনিম্ন দর। রুপির আরও দরপতন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকেরা।তবে দিন শেষে এই বিনিময় হার ৬১ দশমিক ৭৭ রুপিতে নেমে আসে। এর আগে গত বুধবার ডলারের বিপরীতে এই বিনিময় হার ছিল ৬১ দশমিক ৪৪ রুপি। ইন্টারনেট সূত্রে এসব তথ্য জানা গেছে।গত সপ্তাহজুড়েই ডলারের বিপরীতে রুপির মান কমেছে। অর্থাৎ, বেশি রুপি খরচ করে ডলার কিনতে হয়েছে।এর আগে গত সোমবার প্রতি ডলারের বিনিময় হার ছিল ৬০ দশমিক ৮৮ রুপি। এর আগে ডলারের বিপরীতে রুপির সর্বোচ্চ দরপতন ঘটেছিল গত ৮ জুলাই। ওই দিন প্রতি ডলার কেনাবেচা হয়েছিল ৬১ দশমিক ২১ রুপিতে।রুপির ব্যাপক দরপতনে স্থানীয় রপ্তানিকারকেরা লাভবান হলেও আমদানি বাণিজ্যে বিরাট ধাক্কা খাচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা। মূলত আমদানি বাণিজ্যে ডলারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবং প্রতিরক্ষাসংক্রান্ত ব্যয় বেড়ে যাওয়ায় রুপির দাম কমে যায় বলে মনে করছেন লেনদেনকারীরা।