ডলারের বিপরীতে রুপির সর্বকালের সর্বনিম্ন দর
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির বিনিময় হার কমে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। প্রতি ডলারের বিপরীতে গতকাল বৃহস্পতিবার তা কমে ৫৯ দশমিক ৯৩ রুপিতে নেমে এসেছে।
আগের দিন বুধবার এই হার ছিল ৫৮ দশমিক ৭২ রুপি। এর আগে ১১ জুন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দর কমে সর্বনিম্ন পর্যায়ে নামার রেকর্ড হয়। ওই দিন প্রতি ডলার ৫৮ দশমিক ৯৬ রুপিতে বিনিময় হয়। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছরের শেষদিকে আর্থিক পুনরুদ্ধার কর্মসূচি তুলে নিতে শুরু করবে এমন ইঙ্গিত দেওয়ার পরিপ্রেক্ষিতে তাদের ডলারের কাছে ভারতীয় মুদ্রার দরপতন ত্বরান্বিত হয়েছে। এত দিন ফেডারেল রিজার্ভ ওই কর্মসূচির আওতায় নগদ অর্থ তথা ডলারের জোগান দেওয়ায় তা উদীয়মান বাজারগুলোতেও গেছে।
বিশ্লেষকেরা মনে করেন, রুপির দরপতনে প্রমাণিত হয় যে ভারত বৈদেশিক বিনিয়োগ প্রবাহের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল।
ভারতে চলতি হিসাবের ভারসাম্যের ঘাটতি বেড়ে গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ৭ শতাংশে ওঠার রেকর্ড করে। রপ্তানির বিপরীতে আমদানির পরিমাণ বেড়ে গেলেই চলতি হিসাবে ভারসাম্যে ঘাটতি ত্বরান্বিত হয়। এতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতে যেমন টান পড়ে, তেমনি স্থানীয় মুদ্রারও দরপতন ঘটে। এমন চাপেই রয়েছে এখন ভারতের রুপি। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ডলারের বিপরীতে রুপির দর ১৫ শতাংশ পড়ে গেছে।