ডাক ক্যাশ কার্ডের গ্রাহক ৫০ হাজার ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক বিভাগ প্রবর্তিত পোস্টাল ক্যাশ কার্ডের গ্রাহকসংখ্যা ৫০ হাজারে উন্নীত হয়েছে। গত বছরের শেষে এই কার্ড থেকে ডাক বিভাগের আয় হয়েছে ২৫ লাখ টাকা।এদিকে চলতি মাসেই দেশের আরও ১৫০টি ডাকঘরে পৌঁছে যাবে পোস্টাল ক্যাশ কার্ড। ফলে দেশের ৯০০ ডাকঘরে পাওয়া যাবে এই কার্ড। আর ফেব্রুয়ারিতেই আরও ৩০০ যোগ হলে মোট এক হাজার ২০০ ডাকঘর থেকে সেবাটি পাওয়া যাবে।ডাক বিভাগের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ক্যাশ কার্ডের গ্রাহকসংখ্যা ৫০ হাজারে দাঁড়িয়েছে। আড়াই বছর আগে চালু হওয়া ডাক বিভাগ এই সেবার মাধ্যমে এ পর্যন্ত অর্ধকোটি টাকা আয় করেছে। এর মধ্যে গত বছরই আয় হয় ২৫ লাখ টাকা।মাত্র ৪৫ টাকা ব্যয়ে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে ডাকঘর থেকে পোস্টাল ক্যাশ কার্ড কিনতে পারবেন যে কেউ। এ ক্ষেত্রে ব্যাংকের এটিএম কার্ডের মতো মাসিক বা বার্ষিক কোনো মাশুল কর্তন করা হবে না। তবে প্রতি লেনদেনে পাঁচ থেকে ১০ টাকা সেবা মাশুল নেওয়া হয়।ক্যাশ কার্ড দিয়ে টাকা তোলা ও জমা দেওয়া যায়। তা ছাড়া, শিগগিরই এই ক্যাশ কার্ড দিয়ে গ্যাস, পানি ও বিদ্যুতের বিল পরিশোধের মতো নিত্যনতুন সেবা পাওয়া যাবে।ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. জাকির হাসান নূর বলেন, শিগগিরই সারা দেশের কিউ ক্যাশের তিন হাজার এটিএম বুথে কার্ডটি ব্যবহার করা যাবে। এ ছাড়া, ব্যবসাপ্রতিষ্ঠানে ১০ হাজার পিএসও মেশিনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন কার্ডধারীরা। এ জন্য ইতিমধ্যে চুক্তি হয়ে গেছে।জাকির হাসান আরও জানান, ক্যাশ কার্ডের জন্য ডাক বিভাগ নিজস্ব পাঁচটি এটিএম বুথ করছে। জিপিও ও বনানীতে এটিএম স্থাপন শেষ। উত্তরা, মিরপুর ও সদরঘাটে নির্মাণ চলছে। শিগগিরই এগুলো চালু হলে কার্ডের সব সুবিধা পাওয়া যাবে।