ডাক বিভাগ আর প্রবাসী আয় আনতে পারছে না
বাংলাদেশ ডাক বিভাগের বিদেশি বা ফরেন মানি অর্ডার-সেবার মাধ্যমে ২০০৯ সালে ৪৭ হাজার ৪৩৫ জন প্রবাসী তাঁদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়েছেন। সেটাই বুঝি শেষ। তারপর হঠাৎ করেই এই সেবা থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন প্রবাসীরা। আর তাই গত বছর (২০১১) মাত্র তিন হাজার ৩৯৯ জন প্রবাসী এই সেবা নিয়েছেন।বর্তমানে বেসরকারিভাবে অর্থ স্থানান্তরে বেশ কিছু প্রতিষ্ঠান ও বাণিজিক ব্যাংক ডিজিটাল পদ্ধতিতে দ্রুততম সময়ে প্রবাসী-আয় বা রেমিট্যান্স আনছে। এটি সহজলভ্য হওয়ায় প্রবাসীদের কাছে দ্রুত জনপ্রিয় হচ্ছে। আর এ ক্ষেত্রে বাংলাদেশের ডাক বিভাগ পুরোনো পথেই হাঁটছে। তাই মাশুল কম হলেও মন্থর গতির সেবাটি নিতে আগ্রহ দেখাচ্ছেন না প্রবাসীরা। প্রতিবছরই এই সেবার মাধ্যমে প্রবাসী-আয় আসা কমে যাচ্ছে।ডাক বিভাগের তথ্যানুযায়ী, ২০০৯ সালে সেবাটির মাধ্যমে ৭৯ লাখ ৫৯ হাজার ডলার প্রবাসী-আয় আসে। তার পর থেকে নিম্নগতি শুরু হয়। ২০১০ ও ২০১১ সালে আসে যথাক্রমে নয় লাখ ২৭ ডলার ও সাত লাখ ১৪ হাজার ডলার। আর চলতি বছরের জুলাই পর্যন্ত দুই লাখ ৮৪ হাজার ডলার এসেছে।প্রবাসী-আয় হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে সেবাটি থেকে ডাক বিভাগের আয়ও কমছে। ২০০৯ সালে এই সেবা খাত থেকে আয় হয় ৬০ লাখ টাকা। পরের বছর তা কমে সাত লাখ টাকায় দাঁড়ায়। গত বছর আয় হয় মাত্র পাঁচ লাখ টাকা। চলতি বছরের জুন পর্যন্ত আয় হয়েছে দুই লাখ ৮৪ হাজার টাকা।খোঁজ নিয়ে জানা যায়, স্বাধীনতা-উত্তর সময়ে দেশে অর্থ পাঠাতে প্রবাসীদের একমাত্র ভরসা ছিল ডাক বিভাগের এই সেবাটি। কিন্তু যুগের সঙ্গে তাল মেলাতে না পারায় এটি হোঁচট খেয়েছে। বর্তমানে শুধু জাপান থেকে কিছু প্রবাসী-আয় ডাক বিভাগের মাধ্যমে দেশে আসে।এই সেবার মাধ্যমে এখনো ১৪টি দেশ থেকে প্রবাসীরা টাকা পাঠাতে পারেন। এ জন্য ডাক বিভাগের সঙ্গে ওই সব দেশের দ্বিপক্ষীয় চুক্তি আছে। দেশগুলো হচ্ছে: ডেনমার্ক, ফিজি, জাপান, কুয়েত, মালয়েশিয়া, মাল্টা, মালদ্বীপ, সিঙ্গাপুর, সুইডেন, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইয়েমেন।সেবাটি পরিচালনা করে ‘বৈদেশিক ডাক’ নামে ডাক বিভাগের একটি ইউনিট। দপ্তরটির কর্মকর্তারা জানান, চুক্তি থাকলেও এখন শুধু জাপান থেকে মানি অর্ডারের মাধ্যমে সামান্য আয় আসছে। এ ছাড়া সিঙ্গাপুর, আরব আমিরাত, দুবাই ও মাল্টা থেকে অল্প কিছু আসে।কর্মকর্তারা আরও বলেন, ২০০৯ সাল পর্যন্ত মালদ্বীপ থেকে প্রচুর প্রবাসী-আয় আসত। কিন্তু অজ্ঞাত কারণে এরপর দেশটি থেকে মানি অর্ডার আসা বন্ধ। আবার যুক্তরাজ্য সরকার ২০০২ সালে এই পদ্ধতিতে প্রবাসী-আয় পাঠানো বন্ধ করে দেয়। এর আগে দেশটি থেকে বিপুল পরিমাণ প্রবাসী-আয় আসত।জানা যায়, মানি অর্ডারের মাধ্যমে প্রবাসী-আয় আসার পরিমাণ কমে যাওয়ায় বৈদেশিক ডাক দপ্তরের কাজও কমে গেছে। তাই লোকবল অন্য বিভাগে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দুই বছর আগে ৪৬ জন কর্মকর্তা-কর্মচারী থাকলেও এখন দপ্তরটিতে আছেন মাত্র পাঁচজন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘মানুষ এখন সহজ ও দ্রুতগতির সেবা চায়। বেসরকারি প্রতিষ্ঠানগুলো সেই চাহিদা পূরণ করছে। তাই এখনো যে ডাক বিভাগের এই সেবার মাধ্যমে রেমিট্যান্স আসছে, সেটাই আশ্চর্য।’ তবে ডাক বিভাগের প্রতি মানুষের বিশ্বাস আছে। সারা দেশে আছে বিশাল নেটওয়ার্ক। তাই সেবাটি যুগোপযোগী করা গেলে হারানো ঐতিহ্য ফিরে আসবে বলেই মনে করেন এই কর্মকর্তা।এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘বর্তমান যুগে সেবাটি টিকিয়ে রাখতে হলে অবশ্যই ডিজিটালাইজড করতে হবে। এ ক্ষেত্রে দেশের ভেতরে প্রাপকের হাতে টাকা পৌঁছে দিতে ডাক বিভাগেরই ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস) ব্যবহার করা যেতে পারে।’বিষয়টি ব্যাখ্যা করে মনির হোসেন বলেন, বিদেশি ডাকঘরগুলো যদি সরাসরি ইলেকট্রনিক পদ্ধতিতে বাংলাদেশ ডাক বিভাগকে মানি অর্ডার পাঠাত, তা হলে সময় বেঁচে যেত। আর ইএমটিএসের সঙ্গে এর সংযোগ ঘটানো গেলে প্রাপক অল্প সময়েই বিদেশ থেকে টাকা পাবেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডাক বিভাগের মানি অর্ডারের মাধ্যমে প্রবাসী-আয় পাঠানো অন্য যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে সাশ্রয়ী। সেবাটির মাধ্যমে প্রবাসী-আয় পাঠাতে বিদেশের ডাকঘরে গিয়ে মানি অর্ডার ফরম পূরণ করে অর্থ জমা দিতে হয়। পরে ওই ডাকঘর কর্তৃপক্ষ বাংলাদেশ ডাক বিভাগকে বিষয়টি নিশ্চিত করে একটি চালান (ইনভয়েস) পাঠায়।চালানটি পাওয়ার পর সর্বোচ্চ ছয় দিনের মধ্যে প্রাপকের ঠিকানায় অর্থ চলে যাওয়ার কথা। এ ক্ষেত্রে টাকার পরিমাণ বেশি হলে ডাক কর্তৃপক্ষ তা চেকের মাধ্যমে পরিশোধ করে। প্রবাসী যে কেউ প্রতি মানি অর্ডারে সর্বোচ্চ দুই হাজার ডলার পাঠাতে পারেন।মানি অর্ডারের মাধ্যমে প্রবাসী-আয় পাঠাতে এক থেকে ৫০ ডলারের জন্য ৬০ টাকা, ৫১ থেকে ২০০ পর্যন্ত ১০০ টাকা, ২০১ থেকে ৫০০ পর্যন্ত ১৫০, ৫০১ থেকে ১০০০ পর্যন্ত ২০০ টাকা, এক হাজার এক থেকে এক হাজার ৫০০ পর্যন্ত ২৫০ এবং এক হাজার ৫০১ থেকে দুই হাজার ডলার পাঠাতে ৩০০ টাকা মাশুল দিতে হয়। এ ছাড়া বিনিময় হারের ওঠানামার ওপর ভিত্তি করে সর্বোচ্চ দশমিক ৫০ শতাংশ হারে মাশুল কর্তন করে ডাক বিভাগ।