ডাক বিভাগের ই-অর্থ স্থানান্তরে সাড়া বাড়ছে
বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস) বা ইলেকট্রনিক অর্থ স্থানান্তর সেবা কার্যক্রম একাধারে সাশ্রয়ী, লাভজনক ও নিরাপদ হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠা পেয়েছে। এই সেবা নেওয়ার জন্য সাড়াও বাড়ছে ধীরে ধীরে।চালু হওয়ার পর গত দুই বছরে এই কার্যক্রম থেকে ডাক বিভাগ মুনাফা করেছে ৩৭ কোটি টাকা। বর্তমানে দেশের দুই হাজার ৭৫০টি ডাকঘর থেকে টাকা পাঠানো ও সংগ্রহের এই সেবা পাওয়া যাচ্ছে।তবে মুঠোফোনভিত্তিক নতুন এই সেবার বিষয়টি সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে তেমন কোনো প্রচার-প্রচারণা নেই। তাই বহু মানুষের কাছে সস্তায় ও দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে টাকা পাঠানোর বিষয়টি অজানাই থেকে যাচ্ছে।বিষয়টি স্বীকার করে ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রচারণা খাতে সরকার থেকে কোনো বরাদ্দ নেই। এ কারণে নিয়মিত গ্রাহকদের ওপরই আমাদের নির্ভর করতে হচ্ছে।’ তবে এখন পর্যন্ত সেবা কার্যক্রমে যেটুকু সাড়া পাওয়া গেছে, তাতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।খোঁজ নিয়ে জানা যায়, তথ্যপ্রযুক্তির এই যুগের সঙ্গে তাল মেলাতে টাকা পাঠানোর আধুনিক ব্যবস্থা ইএমটিএস চালু করে ডাক বিভাগ। ২০১০ সালের ২৬ মার্চ উদ্বোধনের পর ১১০টি ডাকঘর থেকে সেবাটি দেওয়া শুরু করে ডাক বিভাগ। বর্তমানে সারা দেশের দুই হাজার ৭৫০টি ডাকঘর থেকে সেবাটি নিতে পারছেন গ্রাহকেরা। আগামী জুনের মধ্যে আরও পাঁচ হাজার ডাকঘরে সেবাটি সম্প্রসারণের জন্য কাজ করছে কর্তৃপক্ষ।সেবাটি চালুর প্রথম বছরেই ডাক বিভাগ নয় কোটি ২৩ লাখ টাকা মুনাফা অর্জন করে। পরের বছর, অর্থাৎ ২০১১-১২ অর্থবছরে ৪০ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে শেষ পর্যন্ত ২৮ কোটি টাকা মুনাফা করে ডাক বিভাগ। চলতি অর্থবছরের মুনাফার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ কোটি টাকা।জানা গেছে, ঈদকে কেন্দ্র করে চলতি আগস্ট মাসে এই সেবার মাধ্যমে অন্তত ২০০ কোটি টাকার লেনদেন হয়েছে। এ সময় সেবা নিয়েছেন প্রায় সোয়া লাখ মানুষ। এ ছাড়া গত দুই বছরে প্রায় পৌনে এক কোটি গ্রাহক এর মাধ্যমে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার লেনদেন করেছেন।ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আল মাহবুব জানান, গত দুই বছরে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ইএমটিএসের মাধ্যমে সম্পন্ন করা হয়। এ ছাড়া এই সেবার আওতায় সরকারি ও বেসরকারি সাতটি প্রতিষ্ঠানের বেতন-ভাতা দেওয়া হচ্ছে।সাশ্রয়ী ইএমটিএস: ডাক বিভাগের মুঠোফোনভিত্তিক এই ইএমটিএস সেবার মাধ্যমে মিনিটের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা পাঠানো যায়। এ জন্য প্রথম এক হাজার টাকায় ২৭ টাকা এবং পরবর্তী প্রতি হাজারে ১০ টাকা করে মাশুল নেওয়া হয়। এই পদ্ধতিতে টাকা পাঠাতে ডাকঘর থেকে সরবরাহকৃত একটি ছোট ফরম পূরণ করতে হয়। এরপর টাকা জমা হলে প্রেরকের মুঠোফোনে একটি পিন নম্বর স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যায়। প্রেরকের কাছ থেকে সেই নম্বর জেনে নিয়ে প্রাপক যেকোনো ডাকঘর থেকে টাকা তুলতে পারেন।ইএমটিএস বিভাগের কর্মকর্তাদের দাবি, বেসরকারি ব্যবস্থায় ও বেসরকারি কুরিয়ার সার্ভিসের চেয়ে ডাক বিভাগের সেবাটি এখনো অনেকাংশে সাশ্রয়ী।গতকাল সোমবার এই প্রতিবেদক একাধিক কুরিয়ার সার্ভিসে খোঁজ নিয়ে কর্মকর্তাদের দাবির সত্যতা খুঁজে পান। হিসাব করে দেখা যায়, ডাকঘরের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠাতে খরচ হবে ৬৭ টাকা। ব্র্যাক ব্যাংকের বিকাশে এই টাকা পাঠাতে মাশুল নেওয়া হয় ১০০ টাকা। আবার এই পরিমাণ টাকাই এসএ পরিবহন বা সুন্দরবন কুরিয়ারে পাঠাতে খরচ হবে যথাক্রমে ৭৫ এবং ৬০ টাকা। তবে এই দুই কুরিয়ারে টাকা বুকিং দেওয়ার এক দিন পর প্রাপক তুলতে পারবেন। তবে তাৎক্ষণিকভাবে টাকা পৌঁছাতে চাইলে এসএ পরিবহনে অতিরিক্ত ৫০ টাকা দিতে হয়। সুন্দরবন কুরিয়ার প্রথম হাজারে অতিরিক্ত ৭০ টাকা ও পরবর্তী প্রতি হাজারে ১০ টাকা করে চার্জ করে। যদিও কুরিয়ার সার্ভিসে টাকা পাঠানোর বিষয়ে আইনগত একটি জটিলতা রয়েছে।জনপ্রিয়তা বাড়ছে: সম্প্রতি জিপিও, সদরঘাট, ওয়ারী ও দিলকুশা ডাকঘরে সরেজমিনে দেখা যায়, ইএমটিএস কাউন্টারে গ্রাহকদের ভিড় সবচেয়ে বেশি। অনেক ক্ষেত্রেই দীর্ঘ সময়ে লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের।রোববার জিপিওতে গ্রামের বাড়িতে টাকা পাঠাতে আসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী আলী হোসেন। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আগে কুরিয়ারে টাকা পাঠাতাম। একদিন অফিসের কাজে পোস্ট অফিসে এসে সেবাটি সম্পর্কে জানতে পারি। তার পর থেকে ছয় মাস ধরে এখান থেকেই টাকা পাঠাই।’ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) এ কে এম শফিউর রহমান বলেন, ‘ধীরে হলেও সেবাটি জনপ্রিয় হচ্ছে। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে আমরা সেবাটি দ্রুত সম্প্রসারণ করতে পারছি না।’ বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, অধিকাংশ ডাকঘরে কাজ করছেন বয়স্ক লোকজন, যাঁদের প্রযুক্তিজ্ঞান নেই। তা ছাড়া নিরাপত্তার অভাবও আছে। মাত্র দেড় হাজার ডাকঘরে নিজস্ব ভবন আছে। দুই বছরের মধ্যে আরও এক হাজার ডাকঘরের ভবন হবে। তার পরও সাত হাজার ৩৮৬টি ডাকঘর বাকি থাকবে।একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযোগ করেন, ব্র্যাক ব্যাংকের পরিচালিত বিকাশ টাকা পাঠানোর কাজটি ডাক বিভাগের সঙ্গে যৌথভাবে করতে আগ্রহী। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা চেষ্টা-তদবির করছেন। তবে এমনটি হলে ডাক বিভাগের সঙ্গে সাধারণ গ্রাহকেরাও ক্ষতিগ্রস্ত হবেন বলে তাঁরা আশঙ্কা করছেন।এ বিষয়ে মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন বলেন, ‘টাকা পাঠানোর কাজটি আমরা নিজেরাই ভালোভাবে করতে পারছি। এখানে অন্য কাউকে দরকার নেই।’মহাপরিচালক আরও বলেন, সারা দেশে নয় হাজার ৮৬৬টি ডাকঘর আছে। লোকবল আছে ৩৯ হাজার ৮৮৭ জন। কোনো বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে সহজে এত বড় নেটওয়ার্ক তৈরি করা সম্ভব নয়। তাই এটিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বিপ্লব ঘটানো সম্ভব।