ডাক বিভাগের পোস্টাল ক্যাশ কার্ডের এটিএম সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক বিভাগের পোস্টাল ক্যাশ কার্ড ব্যবহার করে অটোমেটেড টেলার মেশিন বা এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও কেনাকাটা করার সুবিধাটি চালু হয়েছে। একই সঙ্গে কার্ডের গ্রাহকদের জন্য মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠান। ঢাকা জিপিওর দক্ষিণ গেটে বাংলাদেশ ডাক বিভাগ ও সোনালী ব্যাংকের কো-ব্র্যান্ডেড এটিএম বুথ উদ্বোধনের মাধ্যমে সেবাটি গতকাল শনিবার দুপুরে চালু হয়েছে। এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন।সেবাটি চালু হওয়ায় বর্তমানে ৬০ হাজার গ্রাহক পোস্টাল ক্যাশ কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন কিংবা কেনাকাটা করার সুবিধা পেতে শুরু করেছেন।জানা যায়, সারা দেশে কিউ ক্যাশ নেটওয়ার্কের ২৬টি ব্যাংকের তিন হাজার এটিএম বুথ থেকে টাকা উত্তোলনে এবং প্রায় আট হাজার বিপণিবিতানের পিওএস মেশিনে কেনাকাটার জন্য কার্ডটি ব্যবহার করা যাবে। আর জেলা, উপজেলাসহ মোট এক হাজার ৩৩২ ডাকঘর থেকে মাত্র ৪৫ টাকা খরচ করে যে কেউ একটি পোস্টাল ক্যাশ কার্ডের গ্রাহক হতে পারবেন।তবে মোবাইল ব্যাংকিং চালু হলেও গ্রাহকদের সেবাটি পেতে আরও মাস খানেক সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রয়োজনীয় কিছু কাজ সম্পন্ন হওয়ার পর মুঠোফোনে বার্তার মাধ্যমে মোবাইল ব্যাংকিং বিষয়ে গ্রাহককে জানিয়ে দেবে ডাক বিভাগ। তখন মুঠোফোনেই এক হিসাব থেকে অন্য হিসাবে টাকা স্থানান্তর করার সুবিধা ও ‘ট্রানজেকশন নোটিফিকেশন’ (মুঠোফোন বার্তার মাধ্যমে লেনদেনের তথ্য) পাওয়া যাবে।সেবাগুলো উদ্বোধনের আগে ডাক বিভাগের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী সাহারা খাতুন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ডাক বিভাগের অস্তিত্ব এখন তলানিতে। বর্তমান প্রযুক্তির যুগে টিকে থাকতে হলে আইসিটি নির্ভর হতে হবে। ডিজিটালাইজড করায় বাংলাদেশ ডাক বিভাগ টিকে গেছে। তিনি পোস্টাল ক্যাশ কার্ড চালুকে সনাতন পদ্ধতি থেকে ডাক বিভাগের আধুনিক পদ্ধতিতে উত্তরণের আরেক ধাপ বলে মন্তব্য করেন। ডাক ও টেলিযোগাযোগসচিব মো. আবুবকর সিদ্দিক বলেন, দেশের ৭০ ভাগ মানুষ এখনো ব্যাংকিং-সুবিধার আওতার বাইরে। তবে পোস্টাল ক্যাশ কার্ডের এটিএম-সুবিধা চালু হওয়ায় গ্রামাঞ্চলের একটি বিরাট গোষ্ঠীকে ব্যাংকিং সুবিধার আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে। ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান এ এইচ এম হাবিবুর রহমান, কিউ ক্যাশের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন মুনীর ও ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এস এস ভন্দ্র। বক্তারা বলেন, সারা দেশে ডাক বিভাগের নয় হাজার ৮৮৬টি ডাকঘর আছে। অন্যদিকে সোনালী ব্যাংকের শাখা প্রায় এক হাজার ২০০। সরকারের এই বড় দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করায় পরিচালন-ব্যয় কম হবে। ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল জাকির হাসান নূর জানালেন, শিগগিরই পোস্টাল ক্যাশ কার্ড দিয়ে মোবাইলে টাকা রিচার্জ, গ্যাস, পানি ও বিদ্যুতের বিল পরিশোধের মতো সুবিধা চলে আসবে। জাকির হাসান আরও জানান, ক্যাশ কার্ড দিয়ে দুটি প্রতিষ্ঠান ও একটি প্রকল্পের বেতন-ভাতা দেওয়া হচ্ছে। এ ছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি ও শিক্ষা নিশ্চিতকরণে ‘কন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার’ পাইলট প্রকল্পের আওতায় ১৪ হাজার ১২৭ জন অতিদরিদ্র মাকে এই ক্যাশ কার্ডের মাধ্যমে ভাতা দেওয়া হয়েছে।আগামী তিন বছরে সোনালী ব্যাংকের সঙ্গে যৌথভাবে ডাক বিভাগ সারা দেশে মোট এক হাজার ২০০টি এটিএম বুথ স্থাপন করবে। আর চলতি বছরের মধ্যে হয়ে যাবে ২৫টি এটিএম বুথ। জিপিও ছাড়াও মিরপুর, বনানী ও উত্তরায় ইতিমধ্যে বুথ হয়ে গেছে। ক্যাশ কার্ডের প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে আইটি কনসালট্যান্টস লিমিটেড (কিউ ক্যাশ)।