ডাকাত চক্র ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে কর্মসূচি দেবে বাজুস
জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। দাবি আদায়ে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন সমিতির নেতারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা। রাজধানীর বায়তুল মোকাররমে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শনিবার সমিতির কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। পরে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলামের এক যৌথ বিবৃতিতে কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়।সভায় গত বৃহস্পতিবার রাজধানীর ইস্টার্ন প্লাজার ববি জুয়েলার্স ও নিপুণ জুয়েলার্সে ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে জুয়েলারি শিল্পকে রক্ষা করতে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধারের জন্য সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়ে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, গত দুই মাসে ঢাকা, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে পাঁচটি জুয়েলারি দোকানে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে। একের পর এক ডাকাতির ঘটনায় জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।