ডাচ্-বাংলা ব্যাংক ও এয়ারটেলের মধ্যে সমঝোতা চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) ও মোবাইল ফোন অপারেটর এয়ারটেল বাংলাদেশের মধ্যে গতকাল বৃহস্পতিবার একটি চুক্তি হয়েছে।এর ফলে এয়ারটেলের বর্তমান ও নতুন গ্রাহকেরা খুব সহজেই ডিবিবিএলে নতুন হিসাব খোলাসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাবেন। আর ডিবিবিএলের গ্রাহকেরা বিভিন্ন এয়ারটেল আউটলেট থেকে মোবাইল ফোন সেবা উপভোগ করতে পারবেন। এয়ারটেলের লিগ্যাল বিভাগের প্রধান এ এস এম সাকিব শিকদার এবং ডিবিবিএলের মোবাইল ব্যাংকিং বিভাগের প্রধান মীর মোমিনুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। পরে এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট এবং ডিবিবিএলের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ চুক্তিপত্রটি বিনিময় করেন।এ সময় এয়ারটেলের প্রধান সেবা কর্মকর্তা ও বাণিজ্যিক বিভাগের প্রধান রুবাবা দৌলা, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান অভয় শেঠসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্রিস টবিট বলেন, ‘ডিবিবিএলের সঙ্গে এয়ারটেলের এ অংশীদারির মূল কারণ বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারীরা উন্নত মোবাইল ব্যাংকিং সেবা পাবেন। আর এয়ারটেল গ্রাহকেরা কম ঝামেলা ও সাশ্রয়ীমূল্যে মোবাইল ফোন ব্যবহার করেই তাঁদের অর্থনৈতিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।’