ডাচ্-বাংলা ব্যাংক ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চুক্তি
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডের মধ্যে গতকাল শনিবার মোবাইল ব্যাংকিং সেবাবিষয়ক একটি চুক্তি হয়েছে।ডিবিবিএলের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ইমামুল কবির ঢাকার একটি হোটেলে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, ভাইস প্রেসিডেন্ট ও মোবাইল ব্যাংকিং বিভাগের প্রধান মীর মমিনুল হক এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক শেখ তানভীর আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নেটওয়ার্কের মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংক প্রত্যন্ত অঞ্চলের ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে আধুনিক মোবাইল প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেবে। এখন থেকে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরা সুন্দরবন কুরিয়ারের এজেন্টের কাছে গিয়ে ডিবিবিএল মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করতে ও জমা দিতে পারবেন। বিজ্ঞপ্তি।