ডাচ্-বাংলা ব্যাংকের এক হাজারতম এটিএম বুথ উদ্বোধন
চট্টগ্রামের ফৌজদারহাট শিল্প এলাকায় গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের কারখানা প্রাঙ্গণে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) এক হাজারতম এটিএম বুথ খোলা হয়েছে।ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদ গতকাল রোববার এটিএম বুথটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের অর্থ পরিচালক সরোয়ার আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।একই দিনে সায়েম আহমেদ চট্টগ্রামের সিডিএ এভিনিউতে ডাচ্-বাংলা ব্যাংকের ৫০তম ফাস্ট ট্র্যাক উদ্বোধন করেন।এ উপলক্ষে এক মতবিনিময় অনুষ্ঠানে সায়েম আহমেদ জানান, ডাচ্-বাংলা ব্যাংক ইতিমধ্যে ঢাকায় ৪২টি, সিলেটে পাঁচটি ও চট্টগ্রামে তিনটি ফাস্ট ট্র্যাক স্থাপন করেছে। প্রতিটি ফাস্ট ট্র্যাকে পাঁচ থেকে ১৪টি এটিএম মেশিন এবং এক থেকে পাঁচটি ডিপোজিট মেশিন রয়েছে, যেখানে গ্রাহকেরা টাকা জমা দিতে ও তুলতে পারেন।গ্রাহকেরা ফাস্ট ট্র্যাক থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া গ্রাহকেরা ফাস্ট ট্র্যাক থেকে কার্ড রিপ্লেসমেন্ট, কার্ড হারালে রিপোর্ট করা, পুনরায় পিন ইস্যুকরণ, পিন সংগ্রহ এবং ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ও অ্যালার্ট ব্যাংকিংসংক্রান্ত সেবাগুলো উপভোগ করতে পারবেন।গ্রাহকদের টাকা তোলা ও জমা দেওয়া এবং অ্যাকাউন্ট ওপেনিং বা হিসাব খোলার ফরম, রিটেল লোন এবং ক্রেডিট কার্ডের আবেদনপত্র পূরণে সহায়তা করার জন্য ফাস্ট ট্র্যাকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত একজন কর্মকর্তা উপস্থিত থাকেন। বিজ্ঞপ্তি।