ডাচ্-বাংলা ব্যাংকের স্থানীয় স্পনসররা এ বছর নগদ লভ্যাংশ নেবেন না
ডাচ্-বাংলা ব্যাংক (ডিবিবিএল) দেশের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে শিক্ষা খাতে আগামী ছয় বছরের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।এই কর্মসূচির আওতায় ডিবিবিএলের ছাত্রবৃত্তির সংখ্যা চলতি ২০১১ সালে পাঁচ হাজারে এবং আগামী ২০১৬ সাল নাগাদ ৩০ হাজারে উন্নীত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়ন করতে ব্যাংকের ১০২ কোটি টাকা ব্যয় হবে।এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের স্থানীয় স্পনসররা এ বছর কোনো নগদ লভ্যাংশ নেবেন না।ঢাকার একটি হোটেলে গত শনিবার এক সংবাদ সম্মেলনে দেশের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে এই বাজেট-কর্মসূচি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান আবেদুর রশিদ খান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদ, পরিচালনা পর্ষদের সদস্য জাহিদ হোসেন খান, ইরশাদ কামাল খান, সৈয়দ ফখরুল আমিন, মো. ফখরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।