বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংক ২০ বছর পূর্তি করেছে। এ সময়ে ব্যাংকটি ১ কোটি ৪৬ লাখ ২৯ হাজার হিসাব খুলেছে। ব্যাংকটির বর্তমানে ১৫৭টি শাখা ও ৪ হাজার ২১০টি এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে। পাশাপাশি ব্যাংকটি সম্প্রতি মোবাইল ব্যাংকিংয়ের নাম বদলে রেখেছে রকেট। ১ লাখ ২১ হাজার ৩৩৭ এজেন্ট রকেট সেবা দিচ্ছে। পাশাপাশি ব্যাংকটি ৩০০ এজেন্ট ও ৭০০ সাব-এজেন্টের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং সেবাও প্রদান করছে। তথ্যপ্রযুক্তি খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে ব্যাংকটি, যা নিরবচ্ছিন্ন সেবা প্রদানে সহায়তা করছে। এ কারণে গ্রাহকদেরও সহজে আকৃষ্ট করতে পারছে ব্যাংকটি।
জানতে চাইলে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন প্রথম আলোকে বলেন, ‘আমরা ব্যাংক ও মোবাইল ব্যাংকিং মিলেই এত গ্রাহক ধরতে পেরেছি। আমাদের মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকেরা ব্যাংকেও লেনদেন করতে পারে। তাই এসব গ্রাহকও ব্যাংকের। সেবার মানের কারণেই এসব গ্রাহক ধরতে পেরেছি আমরা।’