ডায়েরি, ক্যালেন্ডারে চাঙা মুদ্রণশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বছর সামনে রেখে ক্যালেন্ডার ও ডায়েরি ছাপানোর কাজ চলছে পুরোদমে। এ জন্য প্রেসকর্মীরা এখন দিন–রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি ঢাকার ফকিরাপুল এসা প্রিন্টিং প্রেস থেকে তোলা l ছবি: মনিরুল আলম
নতুন বছর সামনে রেখে ক্যালেন্ডার ও ডায়েরি ছাপানোর কাজ চলছে পুরোদমে। এ জন্য প্রেসকর্মীরা এখন দিন–রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি ঢাকার ফকিরাপুল এসা প্রিন্টিং প্রেস থেকে তোলা l ছবি: মনিরুল আলম

রাজনৈতিক অস্থিরতার কারণে সারা দেশের বিদ্যালয়গুলোতে বই পৌঁছে দিতে বাড়তি পরিবহন ভাড়া গুনতে হয়। অস্থিরতায় ক্যালেন্ডার, ডায়েরিসহ প্রচারণামূলক উপকরণ ছাপানো নেমে আসে অর্ধেকে। এমনকি একতরফা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনের আগে অন্যান্য বছর যত লিফলেট, পোস্টার, ব্রশিউর ও ভোটার পরিচিতি ছাপানো হয়, গত বছর হয়েছে এর মাত্র ১০ থেকে ২০ শতাংশ।
এসব কারণে নির্বাচনী বছর হওয়ার পরও ২০১৩ সালটি খারাপ গেছে দেশের মুদ্রণশিল্প-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। তবে এবার পরিস্থিতি ভিন্ন। দেশে রাজনৈতিক কোনো অস্থিরতাও নেই। আর তাই নতুন বছর ও বড়দিন সামনে রেখে সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানই ক্যালেন্ডার, শুভেচ্ছা কার্ড ও ডায়েরি ছাপানোর কার্যাদেশ দিচ্ছে। অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে ছাপিয়েও নিয়েছে। আর এর মধ্য দিয়ে দেশীয় মুদ্রণশিল্পে একধরনের চাঙাভাব এসেছে।
মুদ্রণশিল্পের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো গত বছরের চেয়ে এবার ৫০ শতাংশ বেশি ক্যালেন্ডার, ডায়েরি ও শুভেচ্ছা কার্ড বিক্রির আশা করছে।
বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির সভাপতি শহীদ সেরনিয়াবাত প্রথম আলোকে বলেন, ‘গত বছর আমাদের ব্যবসা বেশ খারাপ গেছে। তবে এবার ক্যালেন্ডার, ডায়েরি ও শুভেচ্ছা কার্ডের বিক্রি বেশ ভালো। কার্যাদেশও ভালো পাওয়া গেছে।’ তিনি অবশ্য বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো এ বছর ক্যালেন্ডার ও ডায়েরি ছাপানোর পরিমাণ আগের চেয়ে কমিয়ে দিয়েছে। নইলে এবার প্রিন্টিং প্রেসগুলোর (ছাপাখানা) ব্যবসা আরও ভালো হতো।
প্রিন্টিং প্রেসগুলোতে ক্যালেন্ডার, ডায়েরিসহ প্রচারণামূলক উপকরণ ছাপানোর কাজ চলে মূলত অক্টোবর-ডিসেম্বর সময়ে। জানা গেছে, বছরে প্রায় ৩০০ কোটি টাকার এসব উপকরণ ছাপানো হয়। তবে রাজনৈতিক অস্থিরতায় গত বছর তা অর্ধেকে নেমে আসে।
মুদ্রণশিল্প সমিতির সভাপতি বলেছেন, এ বছর ৩৫০ কোটি টাকার বেশি ক্যালেন্ডার, ডায়েরি, শুভেচ্ছা কার্ড বিক্রি হবে।
মুদ্রণশিল্প সমিতির তথ্য অনুযায়ী, সারা দেশে প্রায় সাত হাজার প্রিন্টিং প্রেস আছে। এর মধ্যে ঢাকায় আছে তিন হাজার। ঢাকার বাইরে আছে বাকি চার হাজার প্রেস। ঢাকার আরামবাগ, ফকিরাপুল আর পল্টনেই আছে হাজার খানেক প্রিন্টিং প্রেস।
সমিতি বলছে, হাজার খানেক প্রেস পাঠ্যপুস্তকসহ বই ছাপার সঙ্গে যুক্ত। আর ৫০০ প্রেস সারা বছরই ক্যালেন্ডার, ডায়েরি, শুভেচ্ছা কার্ড ছাপায়।
দেশের অন্যতম বড় ছাপাখানা আজাদ প্রোডাক্টস এ বছর আগের বছরের চেয়ে অনেক বেশি ক্যালেন্ডার, ডায়েরি ও শুভেচ্ছা কার্ডের কার্যাদেশ পেয়েছে। প্রতিষ্ঠানটি আট-নয় ধরনের ডায়েরি এবং ৪০-৫০ ধরনের ক্যালেন্ডার তৈরি করে রেখেছে। ক্রেতার চাহিদা ও পছন্দ অনুযায়ী এসব ছাপিয়ে সরবরাহ করা হচ্ছে।
আজাদ প্রোডাক্টসের পরিচালক জিয়া আজাদ প্রথম আলোকে বলেন, ‘নিয়মিত ক্রেতারাই গত বছর শুধু আমাদের পণ্য কিনেছেন। কিন্তু এবার নিয়মিত ক্রেতাদের বাইরেও অনেকে পণ্য কিনতে আসছেন। গত বছর যেখানে ২৫০ ক্রেতাপ্রতিষ্ঠান কার্যাদেশ দিয়েছিল, এবার তা প্রায় ৫০০-তে দাঁড়িয়েছে।’
রাজধানীর আরামবাগ, ফকিরাপুল ও পুরানা পল্টন ঘুরে প্রতিটি দোকানেই নানা ধরনের ক্যালেন্ডার, ডায়েরি ও শুভেচ্ছা কার্ড দেখা গেছে। এসব পণ্যে নতুন নকশা ব্যবহার করে আনা হয়েছে নতুনত্বও।
প্রেসমালিকেরা বলছেন, নভেম্বর থেকে এখন পর্যন্ত প্রেসে ক্যালেন্ডার, ডায়েরি ও শুভেচ্ছা কার্ড ছাপানোর জন্য তাঁরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। দু-তিনজন প্রেসমালিক বলেছেন, আগামী দু-তিন সপ্তাহ পর্যন্ত নতুন কার্যাদেশ নেওয়ার মতো অবস্থা তাঁদের প্রেসে নেই।
ক্যালেন্ডার, ডায়েরি, শুভেচ্ছা কার্ড সবই ছাপায় ফকিরাপুলের আবরণ প্রিন্টার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছরের ডিসেম্বরে তিনি সব মিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার উপকরণ ছাপিয়েছিলেন। এ বছর এখন পর্যন্ত তা ২০ লাখে দাঁড়িয়েছে। গত বছরের চেয়ে এবার বিক্রি ভালো, তবে প্রত্যাশার চেয়ে কম।
এর কারণ হিসেবে একাধিক প্রেসমালিক জানান, রাজনৈতিক অস্থিরতায় গত বছর ক্যালেন্ডার, ডায়েরি, শুভেচ্ছা কার্ড ছাপানো ছিল ঝুঁকিপূর্ণ। সে সময় এসবের প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল কম। তাই অনেক প্রতিষ্ঠানই এসব ছাপানো বন্ধ রাখে। ফলে যারাই এসব ছাপিয়েছে, তাদেরটাই বিক্রি হয়েছে। কিন্তু এ বছর রাজনৈতিক অস্থিরতা না থাকায় ছোট-বড় সব প্রেসই এসব উপকরণ ছাপানো শুরু করেছে। সে কারণে গত বছরের চেয়ে এবার ক্রেতা বাড়লেও আনুপাতিক হারে ক্রেতা কমে গেছে।