ডালসহ কিছু ফসল চাষে ঋণের শর্ত শিথিল হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাল, তেলবীজ ও মসলাজাতীয় ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে এসব খাতে ঋণের ক্ষেত্রে আইন আরেকটু শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে ব্যাংকগুলো কৃষকদের মাত্র দুই শতাংশ হারে সুদ দিলে বাকি ছয় শতাংশ সুদ বাবদ ভর্তুকি এক মাসের মধ্যেই পরিশোধ করবে কেন্দ্রীয় ব্যাংক। কৃষকেরাও এই ঋণ পরিশোধের জন্য তিন মাসের পরিবর্তে ছয় মাস সময় পাবেন। গতকাল বাংলাদেশ ব্যাংকের সভা কক্ষে সোনালী, জনতা, অগ্রণী, বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ সিদ্ধান্তের কথা জানান।অপ্রচলিত শস্য খাতে ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা বাড়ানোর পরামর্শ দিয়ে গভর্নর বলেন, ‘প্রতিবছর প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার ডাল, তেলবীজ ও মসলা আমদানি হয়। কিন্তু এসব ফসল উৎপাদনের জন্য বাজেটে ভর্তুকি বরাদ্দ রয়েছে। আমরা কৃষকের কাছে এই ভর্তুকির সুফল সহজে পৌঁছে দিতে চাই।’বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান, কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক এস এম মনিরুজ্জামান, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোক্তার হোসেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দাস, সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, কৃষি ঋণ নীতিমালায় এবার কেন্দ্রীয় ব্যাংক ডাল, তেলবীজ, মসলাজাতীয় ফসল ও ভুট্টা চাষে দুই শতাংশ রেয়াতি সুদ হারে ঋণ বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছে।