২০ থেকে ২৫ লাখ টাকা করে বিক্রি হয়েছে আমদানির অনুমতিপত্র
ডালের গুদামও পেয়েছে লবণ আমদানির অনুমতি
মেসার্স মুন্সিগঞ্জ সল্ট মিলস দীর্ঘদিন ধরে বন্ধ। যে ঠিকানায় কারখানাটি ছিল, সেখানে এখন ডালের গুদাম। তবু মিলটি পেয়েছে ৬২৫ টন অপরিশোধিত লবণ আমদানির সুযোগ।
বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি যে ২০০টি মিলকে লবণ আমদানির অনুমতি দিয়েছে, এর মধ্যে অনেক মিল মুন্সিগঞ্জ সল্টের মতো বহুদিন ধরে বন্ধ। অতীতের মতো এবারও এসব নামসর্বস্ব মিল লবণ আমদানির অনুমতিপত্র বিক্রি করে দিচ্ছে।
বাজারে এসব অনুমতিপত্র বিক্রি হয়েছে কেজিপ্রতি সাড়ে তিন থেকে চার টাকা দরে। পাশাপাশি আমদানিতে যে খরচ হবে, তা ক্রেতা বহন করবেন। এতে ৬২০ টন লবণের আমদানির অনুমতিপত্রের বিপরীতে বন্ধ মিলের মালিকদের লাভ হচ্ছে ২০ থেকে ২৫ লাখ টাকা।
এসব আমদানির অনুমতিপত্র কিনছেন বড় মিলের মালিকেরা। দুটি মিলের কর্তৃপক্ষ প্রথম আলোর কাছে তা কেনার কথা স্বীকার করেছে। তারা বলেছে, মিল চালু রাখতে আমদানির অনুমতিপত্র কেনা ছাড়া তাদের হাতে কোনো বিকল্প নেই। তাদের যে পরিমাণ লবণ আমদানির অনুমতি দেওয়া হয়েছে, তা দিয়ে অল্প কয়েক দিন মিল চালু রাখা যাবে। আরেকটি লবণ মিলের একজন কর্মকর্তা বলেন, তাঁরা এখন অনুমতিপত্র কিনবেন না, আমদানি করার পর তাঁদের কাছ থেকে লবণ কিনবেন।
জানতে চাইলে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, লবণের মিলের তালিকা দিয়েছে বিসিক। সেই তালিকা ধরে আমদানির অনুমোদন দেওয়ার জন্য গঠিত কমিটি লবণ আমদানির অনুমতি দিয়েছে। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে বাণিজ্য মন্ত্রণালয় অবশ্যই ব্যবস্থা নেবে।
বিসিকের আয়োডিনযুক্ত লবণ প্রকল্পের পরিচালক মো. আবু জামিল প্রথম আলোকে বলেন, এবার খুব সতর্কভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এরপরও কোনো ভুলভ্রান্তি থাকলে সেটা মানবিক ভুল। কিছু মিল বন্ধ থাকতে পারে। কারণ, সংস্কারের জন্য লবণ মিল বন্ধ রাখতে হয়। তিনি বলেন, ‘কেউ আমদানি করে নিজেরা পরিশোধন না করলে জামানত ও মিলের লাইসেন্স বাতিল করা হবে। অনুমতি পাওয়া মিলগুলো নিজেরা আমদানি করছে কি না, নিজেরা লবণ পরিশোধন করছে কি না—এসব আমরা নজরদারিতে রাখব।’
উল্লেখ্য, লবণ আমদানিকারকদের প্রতিটি আবেদনের বিপরীতে ৩৫ হাজার টাকা জামানত দিতে হয়েছে।
এ বছর লবণের দাম বেড়েছে গত দুই মৌসুমে উৎপাদন কম হওয়ায়। বাজারে লবণের ঘাটতি পূরণ করতে বাণিজ্য মন্ত্রণালয় গত ১৪ আগস্ট ৭৫ হাজার টন ভোজ্য ও ৭৫ হাজার টন শিল্পে ব্যবহৃত লবণ আমদানির অনুমতি দেয়। গত বৃহস্পতিবার আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে ১২১টি মিলকে ৬২০ টন করে ভোজ্য লবণ ও ১২০টি মিলকে ৬২৫ টন করে শিল্পে ব্যবহৃত লবণ আমদানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর বাইরে নতুন করে আরও ১ লাখ টন আমদানির অনুমতি দেওয়া হচ্ছে।
লবণ আমদানির জন্য গত ২৪ আগস্ট আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে শর্ত হিসেবে বলা হয়, লবণ আমদানি করতে আমদানিকারকের সচল নিজস্ব রিফাইনারি ব্যবস্থা আছে, সে বিষয়ে শিল্প মন্ত্রণালয়/বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) প্রমাণপত্র দাখিল করতে হবে। আর আমদানি করা লবণ নিজস্ব কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহার করতে হবে।
আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে লবণ আমদানির অনুমতিপ্রাপ্ত মিলের তালিকায় দেওয়া নাম ও ঠিকানা ধরে অনুসন্ধান চালিয়ে প্রথম আলো বেশ কিছু মিলের খোঁজ পেয়েছে, যেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ।
নারায়ণগঞ্জের মেসার্স মুন্সিগঞ্জ সল্ট মিলসের ঠিকানায় গিয়ে দেখা যায়, কারখানাটির জমিতে এখন একটি ডালের গুদাম গড়ে উঠেছে। কারখানার মূল মালিক মারা যাওয়ার পর জমিও বিক্রি করে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের প্রগতি সল্ট ইন্ডাস্ট্রিজের কারখানায় গিয়েও সেখানে একটি ডালের গুদাম দেখা গেছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ। নারায়ণগঞ্জের শাহে মদিনা সল্ট, কাজী সল্ট, বুড়িগঙ্গা সল্টও বন্ধ পাওয়া গেছে। স্থানীয় লবণ মিলের মালিকেরা জানিয়েছেন, এসব মিল দীর্ঘদিন ধরেই বন্ধ।
খুলনায় মেঘনা সল্ট, ইমাম সল্ট, বরিশাল সল্ট ও যমুনা সল্ট ইন্ডাস্ট্রিজও বন্ধ পাওয়া গেছে। স্থানীয় লবণ মিল মালিক সমিতির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এসব মিল বহু বছর ধরে বন্ধ থাকলেও সরকারি নথিপত্র হালনাগাদ করে রাখা আছে কেবল লবণ আমদানির বাণিজ্য করার জন্য।
কাগজপত্রে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সদস্যসংখ্যা ৪০৫। তবে এসব মিলের বেশির ভাগ এখন বন্ধ। জানতে চাইলে সংগঠনটির সাবেক সভাপতি আবদুল মোনাফ প্রথম আলোকে বলেন, অনেক মিল নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকে রুগ্ণ হয়ে ব্যবসা ছেড়ে দিয়েছে।
প্রতিবেদনটি লিখতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নারায়ণগঞ্জের আসিফ হোসেন ও খুলনার উত্তম মণ্ডল।