ডালের দামে স্বস্তি, কমছে রসুনের দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাল ও রসুন—এ দুই পণ্য বছরজুড়ে ভুগিয়েছে দেশের মানুষকে। ডাল ছাড়া নিম্ন আয়ের মানুষের সংসার চলে না, রসুন ছাড়া রান্না হয় না। কিন্তু এত দিন ডাল-রসুন কিনতে চড়া দাম দিতে হয়েছে সাধারণ মানুষকে। অবশেষে ডালের দামে বেশ স্বস্তি এসেছে। অন্যদিকে কমতে শুরু করেছে রসুনের দাম।
বাজারে গেলে এখন এক কেজি সরু দানার মসুর ডাল ১১০ থেকে ১১৫ টাকায় কেনা যাবে, যা কিছুদিন আগেও ১৪০ টাকার বেশি ছিল। অন্যদিকে নতুন মৌসুমের রসুন কেনা যাবে কেজিপ্রতি ১৫০ টাকায়। বিপরীতে চীনা রসুন কিনতে গেলে গুনতে হবে কেজিপ্রতি ২২০ টাকা।
সুখবর হলো, দেশে ডালের নতুন মৌসুম কিছুদিন পরেই শুরু হবে। নতুন রসুন বাজারে আসতে শুরু করেছে। ফলে আগামী কয়েক মাস ডাল ও রসুনের বাজার নিয়ে দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাজারে এ দুটি পণ্যের দামে সুসংবাদের বিপরীতে দুঃসংবাদ তিনটি পণ্যের দামে। চিনির দাম আরও কিছুটা বেড়েছে। গুঁড়া দুধের দাম বেড়েছে। খোলা ময়দার বাজারও চড়া। পেঁয়াজ, আদা, আলু ও ডিমের দাম এখন সস্তার কাতারে। মাছ-মাংসের দামে বিশেষ কোনো হেরফের নেই।
ডালের জন্য বাংলাদেশ বিশ্ববাজারের ওপর নির্ভরশীল। কানাডা, অস্ট্রেলিয়ায় দাম বাড়লে দেশের বাজারে অস্থিরতা তৈরি হয়। গত বছরের মার্চ-এপ্রিলে বিশ্ববাজারে মসুরসহ বিভিন্ন ডালের দাম অনেক বেড়ে চায়। এরপর দেশের বাজারে সরু মসুর ডাল কেজিপ্রতি ১৪০ থেকে ১৫৫ টাকা, মাঝারি দানার মসুর ডাল কেজিপ্রতি ১২০ থেকে ১২৫ টাকা ও মোটা দানার মসুর ডাল কেজিপ্রতি ১০০ টাকায় উঠেছিল।
মসুর ডালের এই দাম দুই মাস ধরে কমছে। ধীরে ধীরে এটি আগের দামে নেমে এসেছে। বড় বাজারে এখন মোটা মসুর ডাল ৮০ টাকা, মাঝারি দানার মসুর ডাল ১০০ টাকা ও ছোট দানার মসুর ডাল ১১৫ টাকায় মিলছে। ছোট বাজারে বিক্রেতারা এখনো চড়া দাম ধরে রেখেছেন। এ ক্ষেত্রে দর-কষাকষি করে কিনলে কমে মিলতে পারে।
রসুনের দাম চড়া ছিল বছরজুড়েই। বাংলাদেশ রসুনের জন্য চীনের ওপর নির্ভরশীল। চীনে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে চীনা রসুনের দাম উঠেছিল ২৭০ টাকা পর্যন্ত। অবশ্য এখন বাজারে চীনা রসুন মিলছে কেজিপ্রতি ২০০ থেকে ২২০ টাকায়। দেশি রসুন কেনা যাবে ১৫০ টাকা কেজিতে। এ রসুন নতুন এসেছে। মাসখানেকের মধ্যে দেশি রসুনের সরবরাহ বাড়বে বলে জানান পাইকারি ব্যবসায়ীরা।
রাজধানীর শ্যামবাজারে গতকাল প্রতি কেজি দেশি নতুন রসুন ৮৫ থেকে ১২০ টাকা দরে বিক্রি হয়েছে। ওই বাজারের একজন পাইকারি ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে বলেন, এখন যে রসুনটি আসছে, সেটি ফরিদপুর ও পাবনা অঞ্চলের। তবে পণ্যটির বেশি আবাদ নাটোরে। সেখানকার রসুন বাজারে আসবে মাসখানেক পর থেকে। তখন দাম আরও কমবে। এবার ভালো দাম থাকায় রসুনের আবাদ অনেক বেশি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রাজধানীর কারওয়ান বাজারে চিনির দাম আগের চেয়ে কেজিতে ২ টাকা বেড়েছে। খুচরা বিক্রেতারা জানান, এক বস্তা (৫০ কেজি) চিনি এখন ৩ হাজার ৩০০ টাকায় কিনতে হচ্ছে। এতে প্রতি কেজির দাম পড়ছে ৬৬ টাকা। অন্যান্য খরচ ও মুনাফার পর তা ৭০ টাকার কমে বিক্রি করা যায় না। গত সপ্তাহে চিনির দর ছিল কেজিপ্রতি ৬৭-৬৮ টাকা।
গুঁড়া দুধের দাম বেশ কিছুদিন আগে বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। তবে পুরোনো দুধ শেষ হয়ে এখন সব দোকানেই বাড়তি দামে বিক্রি হচ্ছে পণ্যটি। খুচরা বিক্রেতারা জানান, কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে বিদেশি কোম্পানির গুঁড়া দুধ এখন কেজিপ্রতি ৫৭০ থেকে ৬০০ টাকা এবং দেশি কোম্পানির দুধ ৪৪০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। উল্লেখ্য, গুঁড়া দুধের আন্তর্জাতিক বাজারদর বেশ বেড়েছে।
কারওয়ান বাজারে খোলা ময়দার দাম কেজিতে ২ টাকা বেড়ে এখন ৩৮-৪০ টাকায় উঠেছে। দেশে কানাডীয় গমের সংকটের কারণে কয়েক সপ্তাহ ধরে ময়দার দাম চড়া।