ডালের বাজারে দাম কমার সুবাতাস

গরিবের ডাল-সুখ বিদায় নিয়েছিল গত এপ্রিলে, যখন বিশ্ববাজারে তরতরিয়ে পণ্যটির দাম বাড়তে থাকে। মসুর ডাল নাগালের বাইরে যাওয়ার উপক্রম হয় অনেকের কাছেই। সে সময় সস্তার ডাল অ্যাংকরও ৪০ টাকা থেকে বেড়ে হয় কেজিপ্রতি ৬০ টাকা। দীর্ঘ সময় পরে অবশেষে ডালের এই বাজারে সুবাতাস আসছে।
দেশে নতুন মৌসুমের ডাল আসতে এখনো প্রায় পাঁচ মাস বাকি। এ সময় ডালের বাজারে স্বস্তির খবর নিয়ে এসেছে কানাডা ও অস্ট্রেলিয়া। সেখানকার চাষিরা এত বেশি ডাল ফলিয়েছেন যে বিশ্ববাজারে দাম পড়ে গেছে। মসুর ডালের দাম কমেছে প্রায় ৩০ শতাংশ। অ্যাংকরের দাম কমেছে আরও বেশি।
ভাবছেন এবার সস্তায় ডাল কিনে মনের সুখে ডাল-ভাত খাবেন। না, সে সময় এখনো আসেনি। বাংলাদেশের পাইকারি বাজারে ডালের দাম বেশ কমলেও খুচরায় কাঙ্ক্ষিত হারে কমেনি। ঢাকার খুচরা বাজারে এখনো প্রতি কেজি অ্যাংকর ডাল ৫৫ টাকা, দেশি মসুর ১৪০ টাকা, নেপালি মসুর ১৫৫-১৬০ টাকা এবং কানাডা ও অস্ট্রেলিয়ার মাঝারি দানার মসুর ডাল ১১০ থেকে ১১৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যা আগের চেয়ে কেজিতে গড়ে পাঁচ টাকা কম।
পাইকারি বাজারের চিত্রটা ভিন্ন। খোদ রাজধানীর পুরান ঢাকায় পাইকারি দোকানগুলোতে প্রতি কেজি অ্যাংকর ডাল এখন ৩৪ থেকে ৩৫ টাকায় মিলছে, যা এ বছর ৪৮-৫০ টাকায় উঠেছিল। ছোট দানার মসুর ডাল মিলছে কেজিপ্রতি ১২২-১২৩ টাকায়, যা কিছুদিন আগেও কেজিপ্রতি ১৩৫ টাকা ছিল। ৯৫ থেকে ৯৮ টাকার মোটা দানার মসুর ডাল এখন মিলছে কেজিপ্রতি ৮০ টাকায়। মাঝারি দানার মসুর ডালের দামও ১১০ থেকে কমে ৯৫ টাকায় নেমেছে।
পুরান ঢাকার পাইকারি ডালের দোকান মিতালি ট্রেডার্সের মালিক আবুল কালাম আজাদ বলেন, ঈদুল আজহার পর থেকে মসুর ও অ্যাংকর ডালের দাম কমতে শুরু করেছে। তবে মুগ ও বুটের ডালের দাম কমেনি। পাশাপাশি খেসারির ডালের দামও চড়া।
মসুর ও অ্যাংকর ডালের দাম চট্টগ্রামে আরও কম। সেখানকার বড় আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, এ বছর অ্যাংকর ডাল কেজিপ্রতি ৪৫ টাকায় উঠেছিল। এখন তা ৩২ টাকায় নেমেছে। মসুর ডালের দামও ১৩ থেকে ১৫ টাকা কমেছে।
বাংলাদেশ বিশ্বে তৃতীয় প্রধান ডাল আমদানিকারক দেশ। কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, তুরস্ক ও নেপাল থেকে বাংলাদেশ বছরে প্রায় আট লাখ টন ডাল আমদানি করে। পণ্যের দাম সরবরাহকারী বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে ও বাংলাদেশের আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাঝারি দানার মসুর ডালের দাম টনপ্রতি প্রায় ১ হাজার ১০০ ডলারে উঠেছিল, এখন তা ৭৮০ ডলারে নেমেছে। কানাডার মসুর ডালের দাম নেমেছে ৭৫০ ডলারে, যা এ বছর ৯৮০ ডলারে উঠেছিল। অ্যাংকর ডালের দাম কমে টনপ্রতি ৩২৫ ডলারে নেমেছে, যা মাস দু-এক আগেও ৪৭০ থেকে ৪৮০ ডলার ছিল।
বিশ্ববাজারের তুলনায় দেশের পাইকারি বাজারে ডালের দাম কম হারে কমেছে। কারণ জানতে চাইলে আমদানিকারক আবুল বশর চৌধুরী বলেন, অস্ট্রেলিয়ার নতুন মৌসুমের ডাল আগামী মাসের শেষ দিকে বাংলাদেশে আসবে। অবশ্য তিনি জানান, অস্ট্রেলিয়ায় শেষ দিকে আবহাওয়া খারাপ গেছে। ফলে ডালের পরিস্থিতি কী দাঁড়ায়, তা বুঝতে আরও কিছুদিন লাগবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, দেশে বছরে প্রায় পৌনে চার লাখ টন ডাল উৎপাদিত হয়, যা বাজারে আসে শীতের শেষে। তখন নেপালি মসুর ডালও বাজারে আসবে।
চট্টগ্রামের এস এন ডাল মিলের মালিক হারাধন মহাজন প্রথম আলোকে বলেন, তার আগেই দেশে মসুর ডালের দাম আরও কিছুটা কমবে। কারণ, বিশ্ববাজার থেকে কম দামের ডাল ডিসেম্বরের মাঝামাঝিতে দেশে প্রবেশ করতে পারে।