ডি-৮ দেশগুলোর মধ্যে যৌথ চেম্বার গঠনের তাগিদ
বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ডি-৮ জোটভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর বাণিজ্যের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি ডলার। কিন্তু সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্যের পরিমাণ মাত্র সাত হাজার ডলার। তবে প্রায় ১০০ কোটি মানুষের এই রাষ্ট্রগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বাড়ানোর ব্যাপক সুযোগ আছে। রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার ডি-৮ শিল্প-সহায়তাবিষয়ক কার্যদলের সপ্তম সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বক্তারা জোটের সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্য বাড়াতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার কথা বলেন। একই সঙ্গে তাঁরা একটি যৌথ চেম্বার অব কমার্স বা বণিক সমিতি প্রতিষ্ঠার তাগিদ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।এ ছাড়া ডি-৮ মহাসচিব উইডি আগোস প্রাতিকাটো, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশেনর সভাপতি এ কে আজাদ, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, মেট্রো চেম্বারের সভাপতি আমজাদ খান চৌধুরী, বাংলাদেশ চেম্বারের সভাপতি শামছুর রহমান প্রমুখ বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।বক্তারা বলেন, বাণিজ্য বাড়াতে ইতিমধ্যে চিহ্নিত শিল্প খাত ছাড়াও সম্ভাবনাময় নতুন নতুন শিল্প খাত বিবেচনায় আনতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় ২০১৮ সালের মধ্যে ডি-৮ সদস্যগুলোর আন্তঃবাণিজ্য শতকরা ১৫ ভাগ বাড়ানো সম্ভব। তাঁরা রাষ্ট্রগুলোর মধ্যে শিল্প ও বাণিজ্য-সম্পর্কিত তথ্যের আদান-প্রদান বাড়াতে একটি যৌথ সংবাদ সংস্থা প্রতিষ্ঠার কথাও বলেন। প্রসঙ্গত, তৃতীয় ডি-৮ সম্মেলন উপলক্ষে গতকাল থেকে দুই দিনব্যাপী শিল্প-সহায়তাবিষয়ক কার্যদলের সপ্তম সভা শুরু হয়েছে। কাল ডি-৮ শিল্পমন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। ডি-৮ জোটভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, মিসর, তুরস্ক, নাইজেরিয়া, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।