ডি-৮ শিল্পমন্ত্রীদের সম্মেলন ঢাকায় কাল শুরু হচ্ছে
তিন দিনব্যাপী তৃতীয় ডি-৮ সম্মেলন কাল সোমবার শুরু হচ্ছে। এতে বাংলাদেশসহ আট সদস্য দেশের দেড় শতাধিক প্রতিনিধি অংশ নেবেন।এবারের সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণ অধিক গুরুত্বারোপ করা হবে। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এই সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন। শিল্পমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম ও মো. ফরহাদ উদ্দিন, বাংলাদেশ অ্যাক্রোডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক মো. আবু আবদুল্লাহ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, রূপসী বাংলা হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর প্রথম দুই দিন ডি-৮ শিল্প-সহায়তাবিষয়ক কার্যদলে সপ্তম সভা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন হবে ডি-৮ শিল্পমন্ত্রী পর্যায়ের সম্মেলন। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিলীপ বড়ুয়া বলেন, ডি-৮ সম্মেলন বাংলাদেশের জন্য শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনা এনে দেবে। এ ছাড়া সরাসরি বিদেশি বিনিয়োগ, যৌথ বিনিয়োগ, পরিবেশবান্ধব সবুজ প্রযুক্তি হস্তান্তর ও উচ্চ প্রযুক্তির শিল্প স্থাপনের ক্ষেত্র প্রসারিত করবে বলেও মন্তব্য করেন তিনি।এসব আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে বেসরকারি খাতের শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি ওষুধশিল্প খাতকে আগামী কার্যদলের সভায় অন্তর্ভুক্ত করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে বলেন জানান তিনি। উল্লেখ্য, ডি-৮ জোটভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও মিসর। সম্মেলন উপলক্ষে একটি ওয়েবসাইট খোলা হয়েছে যার ঠিকানা: http://www.d8dhaka.gov.bd/