
কুয়েতের সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালেদ আল-খেদের নেতৃত্বে এক প্রতিনিধিদল গতকাল রোববার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) পরিদর্শন করেছেন। এ সময় তাঁকে স্বাগত জানান বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান। কুয়েতি উপসেনাপ্রধানকে এ সময় ডিইপিজেডের উৎপাদনপ্রক্রিয়া, উৎপাদিত পণ্যের মান ও পরিচালনা পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়। ঢাকা ইপিজেডের মহাব্যবস্থাপক আশরাফুল কবীর জানান, বর্তমানে সারা দেশের ইপিজেডগুলোতে ৩৭টি দেশের বিনিয়োগকারীরা শিল্প স্থাপন করেছেন। বেপজার অধীনে দেশের আটটি ইপিজেডে উৎপাদনরত ৪২৮টি শিল্প-কারখানা থেকে গত অর্থবছরে রপ্তানি হয়েছে প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার। এসব ইপিজেডে কর্মরত আছেন প্রায় তিন লাখ ৮৯ হাজার শ্রমিক। স্থাপিত শিল্পসমূহে মোট বিনিয়োগের পরিমাণ ৩১৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। পরে কুয়েতের প্রতিনিধিদলটি ঢাকা ইপিজেডের কোরিয়ান তৈরি পোশাক প্রতিষ্ঠান ইয়ংওয়ান হাই-টেক স্পোর্টসওয়্যার এবং সেনাবাহিনীর পোশাক, ব্যাগ প্রভৃতি প্রস্তুতকারী বেলজিয়ামের টাইগারকো কারখানা পরিদর্শন করেন।