ডিএসই এমজেএলের তালিকাভুক্তির বিষয় নাকচ করেছে
এমজেএল বাংলাদেশ লিমিটেডের তালিকাভুক্তির বিষয়টি নাকচ করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। তালিকাভুক্তির জন্য প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের ৩০ ভাগ বোনাস শেয়ার প্রদানের ঘোষণা দেয়।এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আজম জে চৌধুরী ডিএসইর শুনানিতে উপস্থিত হন। সভায় উপস্থিত ছিলেন এমন একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা যায়।সূত্র জানায়, এমজেএলের উদ্বৃত্ত টাকা (রিজার্ভ) থেকে পরিচালকসহ সব শেয়ারহোল্ডারকে ৩০ ভাগ বোনাস শেয়ার দেওয়ার প্রস্তাব করে ডিএসইতে তালিকাভুক্তির জন্য অনুরোধ জানানো হয়।এর আগে আইপিওর মাধ্যমে নির্ধারিত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার শর্তে তালিকাভুক্তির জন্য এসইসি অনুমোদন দিলেও ডিএসই এর বিরোধিতা করে। ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের ব্যবস্থা আইনসিদ্ধ না হওয়ায় বিষয়টি নাকচ করা হয়েছে। এ ছাড়া বাইব্যাক পদ্ধতি না থাকায় প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়নি ।আইপিওর পর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির জন্য নির্ধারিত সময়সীমা ৩১ মার্চ শেষ হওয়ায় এসইসি আরও দুই সপ্তাহ সময় বাড়ায়। বর্ধিত সময়সীমা অনুযায়ী ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির তালিকাভুক্তির সময়সীমা শেষ হবে।