ডিএসই ও মার্চেন্ট ব্যাংকার্স সমিতির বৈঠক
নিজস্ব প্রতিবেদকপুঁজিবাজারে ঘন ঘন হস্তক্ষেপ করা সঠিক নয়। বাজার নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদি দিকনির্দেশার মাধ্যমে হওয়া উচিত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং নবগঠিত বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) এক যৌথ বৈঠকে গতকাল বুধবার এসব সুপারিশ করা হয়েছে। বৈঠকে উভয় প্রতিষ্ঠানের নেতারা বলেন, শেয়ারবাজারে যখন-তখন হস্তক্ষেপ বিনিয়োগকারীদের মধ্যে নানা বিভ্রান্তির জন্ম দিতে পারে। এতে বাজারের স্থিতিশীলতা ব্যাহত হওয়ারও আশঙ্কা থাকে। তাঁরা আরও বলেন, সরকারের নীতিনির্ধারক পর্যায়ে পুঁজিবাজারসংশ্লিষ্ট কোনো বিষয়ে আলোচনা হলেও সিদ্ধান্তটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মাধ্যমে প্রকাশ ও বাস্তবায়িত হওয়া বাঞ্ছনীয়। বাজার বিষয়ে সব ধরনের সিদ্ধান্ত এসইসির মাধ্যমেই আসা উচিত। উভয় সংগঠনের নেতারা সরকারের উচ্চপর্যায়ে অনুষ্ঠিত যেকোনো বৈঠকে এসইসি, ডিএসই ও সিএসইসহ প্রধান পক্ষগুলোর অংশগ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ারও তাগিদ দিয়েছেন। এ ছাড়া বৈঠকে বাজার উন্নয়নে উভয় প্রতিষ্ঠানের যৌথভাবে কাজ করার ব্যাপারেও আলোচনা হয়েছে। ডিএসইর বাজার উন্নয়ন কমিটি এবং তালিকাভুক্তিকরণ কমিটিতে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। ডিএসইর সভাপতি রকিবুর রহমান এবং মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান নিজ নিজ সংস্থার পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন। এ সময় রকিবুর রহমান বলেন, বাজার সম্প্রসারণের পেছনে মার্চেন্ট ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মার্চেন্ট ব্যাংকগুলো পেশাদারির মাধ্যমে পরিচালিত হয়। তাই তাদের কাজে যখন-তখন হস্তক্ষেপ না করে সুনির্দিষ্ট নীতিমালা ও দিকনির্দেশনার মাধ্যমে চলতে দেওয়া উচিত। একই সঙ্গে ডিএসইর সভাপতি মার্চেন্ট ব্যাংকগুলোকেও ঢালাও অর্থায়ন না করে সংযত এবং দায়িত্বশীলতার মাধ্যমে অর্থায়নের পরামর্শ দিয়েছেন। ফজলুর রহমান বলেন, আমাদের পুঁজিবাজারের সম্ভাবনা অনেক। এই সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোক্তা ও বিনিয়োগকারীসহ সবার স্বার্থ সংরক্ষণে তাঁরা একযোগে কাজ করে যাবেন।