ডিএসই ও সিএইর ১৪ স্বতন্ত্র পরিচালক চূড়ান্ত
ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) ১৪ জন স্বতন্ত্র পরিচালক চূড়ান্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বৃহস্পতিবার কমিশনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাধীন পরিচালকদের তালিকা ইতিমধ্যে দুই স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে। সিএসইসিতে তালিকা পৌঁছেছে বলে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
চূড়ান্ত অনুমোদন পাওয়া ডিএসইর স্বতন্ত্র পরিচালকেরা হলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আবুল হাসেম, সাবেক সচিব ওয়ালিউল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম কায়কোবাদ, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সাবেক সভাপতি মো. রুহুল আমিন (এফসিএমএ) ও সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান (পিএসসি)।
অন্যদিকে সিএসইর স্বতন্ত্র পরিচালকদের মধ্যে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আইয়ুব ইসলাম, আইসিএবির সভাপতি শওকত হোসেন, বিজিএমইএর সাবেক সভাপতি সফিউল ইসলাম, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ও সিএসইর বর্তমান স্বতন্ত্র পরিচালক মাঈনুল ইসলাম মাহমুদ।
এর আগে স্বতন্ত্র পরিচালক মনোনয়নের জন্য নাম প্রস্তাব করে ডিএসই ও সিএসই। প্রস্তাবিত ওই নামের মধ্য থেকে দুই স্টক এক্সচেঞ্জের জন্য আলাদা সাতজন করে ১৪ জনের নাম চূড়ান্ত করে বিএসইসি।
ডিএসই ও সিএসই সূত্রে জানা যায়, ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে মোট ১৩ জন সদস্য থাকবেন। এর মধ্যে সাতজনই হবেন স্বতন্ত্র পরিচালক। এ ছাড়া চারজন শেয়ারধারী বিনিয়োগকারী, একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদাধিকার বলে পরিচালক মনোনীত হবেন।