ডিএসই ও সিএসই ডিমিউচুয়ালাইজেশনের ধারণাপত্র জমা দিয়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তাদের ডিমিউচুয়ালাইজেশনের ধারণাপত্র অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএসই ও সিএসইর পক্ষ থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এই ধারণাপত্র জমা দেওয়া হয়। এ সময় ডিএসইর সভাপতি শাকিল রিজভী ও সিএসইর সভাপতি আল মারুফ খানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ ব্যাপারে সিএসইর ডিমিউচুয়ালাইজেশন কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে অর্থমন্ত্রীর কাছে প্রায় ১০০ পৃষ্ঠার ধারণাপত্র জমা দেওয়া হয়েছে।’ এর মধ্যে ডিমিউচুয়ালাইজেশনের পূর্ণাঙ্গ প্রস্তাবনা রয়েছে বলেও জানান তিনি। এর আগে ২১ ডিসেম্বর ডিএসই ও সিএসইকে ডিমিউচ্যুয়ালাইজেশনের ধারণাপত্র চূড়ান্ত করে ৩০ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এরই পরিপ্রেক্ষিতে আজ চূড়ান্ত ধারণাপত্র অর্থমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশনের পরিকল্পনা উপস্থাপন করা হয়। দুই স্টক এক্সচেঞ্জের পরিকল্পনা অবহিত হওয়ার পর অর্থমন্ত্রী কিছু পরামর্শ দেন। এর ভিত্তিতে ডিমিউচুয়ালাইজেশন-সংক্রান্ত ধারণাপত্র (কনসেপ্ট পেপার) চূড়ান্ত করা হয়।