ডিএসই ও সিএসইকে শেয়ার সরবরাহ বাড়ানোর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে শেয়ার সরবরাহ বাড়াতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) পরামর্শ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পরামর্শ কমিটি। একই সঙ্গে আইপিও এবং বুক বিল্ডিং প্রক্রিয়ায় অংশ নিতে গ্রাহকদের ভোগান্তি কমাতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত এ ব্যাপারে সুপারিশ করতে বলা হয়েছে। আজ সোমবার পরামর্শ কমিটির এক সভায় এসইসিকে এই পরামর্শ দেওয়া হয়। সভা শেষে কমিটির আহ্বায়ক ও এসইসির সদস্য মনসুর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।এসইসি সূত্রে জানা যায়, বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় সম্প্রতি শেয়ারবাজারে শেয়ারস্বল্পতা দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বারবার সরকারি বিভিন্ন কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার কথা বলা হচ্ছে। কিন্তু নতুন কোনো কোম্পানির শেয়ার বাজারে না আসায় শেয়ারস্বল্পতা বেড়েই চলছে। এ অবস্থায় বিষয়টি নিয়ে আজ এসইসির পরামর্শ কমিটির সভায় আলোচনা হয়। আলোচনা শেষে বাজারে শেয়ার সরবরাহ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দুই স্টক এক্সচেঞ্জকে পরামর্শ দেওয়া হয়।মনসুর আলম বলেন, নতুন কোনো কোম্পানি শেয়ার ছাড়ার ক্ষেত্রে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও বুক বিল্ডিং প্রক্রিয়ায় অংশ নিতে বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতি পতি মিত্র, সিএসইর সিইও ড. মো. আবদুল্লাহ মামুন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আরিফ খান ও সিডিবিএলের চেয়ারম্যান এম এইচ সামাদ। কমিটিকে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত সুপারিশ করার পরামর্শ দেওয়া হয়েছে সভায়। বর্তমানে এই প্রক্রিয়া সম্পন্ন করতে ৪৫ থেকে ৫৫ দিন সময়ের প্রয়োজন হয়।মনসুর আলম আরও জানান, ব্রোকারেজ হাউসগুলোকে আন্ডার রাইটারের ভূমিকা পালন করার ব্যাপারে ক্ষমতা প্রদানে এসইসিকে সুপারিশ করেছে পরামর্শ কমিটি। এর আগে ব্রোকারেজ হাউসগুলোর আন্ডার রাইটারের ভূমিকা পালনের ক্ষমতা ছিল। কিন্তু পরবর্তী সময়ে তা বাতিল করা হয়।এসইসির পরামর্শ কমিটির আহ্বায়ক মনসুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডিএসই, সিএসই, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন ও তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।