ডিএসই ও সিএসইতে আজ সূচক বেড়েছে
টানা পাঁচ দিন দরপতনের পর আজ মঙ্গলবার পুঁজিবাজার ছিল বেশ চাঙা। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচকের পাশাপাশি বেড়েছে প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তবে আর্থিক লেনদেন গতকালের চেয়ে কিছুটা কমেছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে স্থিতিশীলতা আনতে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী জনতা ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) শেয়ার কেনা অব্যাহত রাখায় বাজারে এর প্রভাব পড়ে। ফলে সারা দিনই চাঙা থাকে পুঁজিবাজার। এ ছাড়া আইসিবিসহ ওই প্রতিষ্ঠানগুলো মিলে একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগও বাজারে ইতিবাচক প্রভাব ফেলে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, লেনদেনের শুরুতে আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩০০ পয়েন্টের বেশি বেড়ে যায়। এর পর সূচক কিছুটা কমলেও বেলা সাড়ে ১১টার পর সূচক আবার বাড়তে শুরু করে। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্য সূচক ৩৯৮.৫১ পয়েন্ট বা ৭.৬৬ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৬০১.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪৬টির, কমেছে ছয়টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া মোট লেনদেনের পরিমাণ ৪৩১ কোটি টাকা, যা গতকাল সোমবারের চেয়ে ৫৮ কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো লঙ্কা-বাংলা ফিন্যান্স, বেক্সিমকো, বেক্সটেক্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, আইএলএফএসএল, তিতাস গ্যাস, সাউথইস্ট ব্যাংক, গ্রামীণ ফোন ও এনবিএল।এ দিকে বাজার চাঙা থাকায় আজ ডিএসইতে শতাধিক কোম্পানির দাম সার্কিট ব্রেকারে পৌঁছায়। এতে ওই সব কোম্পানির লেনদেন স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সাধারণ সূচক ১০৪২.৬২ পয়েন্ট থেকে বেড়ে ১৫৭২৬.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৭৮টির ও কমেছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট লেনদেন হয় ৬৩ কোটি টাকার, যা গতকালের চেয়ে তিন কোটি টাকার কম। গতকাল স্টক এক্সচেঞ্জটিতে ৬৬ কোটি টাকার লেনদেন হয়।