ডিএসই ও সিএসইতে লেনদেনে রেকর্ড
প্রায় নয় মাসের ব্যবধানে আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবার এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রায় আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। আজ দুই বাজারেই চাঙা ভাবের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে এক হাজার ৭২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২২৫ কোটি টাকা বেশি। এই লেনদেন প্রায় নয় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর ডিএসইতে এক হাজার ১৭২ কোটি টাকার লেনদেন হয়।সিএসইতে আজ ২৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৫৪ কোটি টাকা বেশি। সিএসইর আজকের লেনদেন প্রায় আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১০ সালের ২৮ অক্টোবর সিএসইতে সর্বোচ্চ ৩৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪২৫৯ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ডিএসইএক্স সূচকের পাশাপাশি ডিএসইর সাধারণ মূল্যসূচকও গতকালের চেয়ে ৯০ পয়েন্ট বেড়েছে। আর ডিএস৩০ সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট।ডিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৮টির দাম বেড়েছে; কমেছে ১১৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, ডেসকো, তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, স্কয়ার ফার্মা প্রভৃতি।ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। সিএসইর সার্বিক মূল্যসূচক আজ ১৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩১৭৯ পয়েন্টে। সিএসইতে আজ ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৫টির দাম বেড়েছে; কমেছে ৮৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।