ডিএসই ও সিএসইর মোট ১৪ জন স্বতন্ত্র পরিচালক অনুমোদন
দেশের দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের জন্য সাতজন করে মোট ১৪ জন স্বতন্ত্র পরিচালকের নাম অনুমোদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে দুই স্টক এক্সচেঞ্জের জন্য সাতজন করে মোট ১৪ জনের নাম অনুমোদন করে। বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গতকাল বিএসইসির এক বৈঠকে স্বতন্ত্র পরিচালকদের নাম চূড়ান্ত করা হয়। পরে এদিন বিকেলে তা দুই স্টক এক্সচেঞ্জের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন এসব পরিচালকের মধ্য থেকে স্টক এক্সচেঞ্জ দুটির সভাপতি নির্বাচিত হবেন।
এর আগে স্বতন্ত্র পরিচালক হিসেবে ১৪ জন করে মোট ২৮ জনের আলাদা দুটি তালিকা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য পাঠায় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। সেখান থেকেই সাতজন করে এই ১৪ জনকে অনুমোদন দেওয়া হয়। এঁদের নিয়ে গঠিত হবে মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ-পরবর্তী বা ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ। সেই সঙ্গে খর্ব হবে পরিচালনা পর্ষদে শেয়ারধারীদের নিরঙ্কুশ ক্ষমতা। এমনকি পরিচালনা পর্ষদে সংখ্যালঘিষ্ঠ হয়ে পড়বেন শেয়ারধারীরা।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জন্য যে সাতজন স্বতন্ত্র পরিচালককে অনুমোদন দেওয়া হয়েছে তাঁরা হলেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, সাবেক সচিব ওয়ালিউল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম কায়কোবাদ, দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সাবেক সভাপতি রুহুল আমীন, সেনা কর্মকর্তা ব্রি. জে. মোহাম্মদ মুজিবুর রহমান এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আবুল হাসেম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) জন্য অনুমোদিত স্বতন্ত্র পরিচালকেরা হলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও সাবেক প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মমতাজউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক আইয়ূব ইসলাম, দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি শওকত হোসেন এবং চিকিৎসক মঈনুল ইসলাম মাহমুদ।