ডিএসই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার ফিরোজসহ দুই প্রার্থী
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দুই প্রার্থী। তাঁরা হলেন জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশিদ ও ডেসা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম আফজাল।
আজ বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকেলে তাঁরা মনোনয়ন প্রত্যাহার করেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইর নির্বাচনে অংশ নিতে আটজন ট্রেক হোল্ডার ২২ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেন। এই দুজনের মনোনয়ন প্রত্যাহারের ফলে এখন ছয়জন প্রার্থী ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছয়জন থেকে ট্রেক হোল্ডারদের ভোটে চারজন পরিচালক নির্বাচিত হবেন।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা হলেন বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মো. শাহজাহান, বর্তমান পরিচালক আহমেদ রশিদ লালী, সাবেক সভাপতি শাকিল রিজভী, শহীদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আনোয়ার হোসেন, খাজা ইক্যুইটি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাজা গোলাম রসুল ও এসেনজ সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান লাইলুন নাহার একরাম।
প্রসঙ্গত, ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জের পর্ষদ হবে ১৩ সদস্যের। এর মধ্যে স্বতন্ত্র পরিচালক সাতজন। ট্রেক হোল্ডারদের মধ্য থেকে চারজন। বাকি দুজনের মধ্যে একজন কৌশলগত বিনিয়োগকারী (স্ট্র্যাটেজিক ইনভেস্টর) পরিচালক ও একজন স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক।