ডিএসই পেল চার শেয়ারধারী পরিচালক

ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশনের পর প্রথম পরিচালনা পর্ষদে চারজন শেয়ারধারী পরিচালক পেল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ওই চারজন হলেন মো. শাকিল রিজভী (১৮৪ ভোট), মোহাম্মদ শাহজাহান (১৫২ ভোট), খাজা গোলাম রসুল (১৪৭ ভোট) ও শরীফ আনোয়ার হোসেন (১৪০ ভোট)।
ভোট গণনা শেষে আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ডিএসইর নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. শামসুল হক এই চারজনকে বিজয়ী ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিকেল পাঁচটার দিকে ভোট গণনা শুরু হয়।
নির্বাচনে অপর দুই প্রতিদ্বন্দ্বী আহমেদ রশীদ লালী ১২৩ ভোট ও লাইলুন নাহার ইকরাম পেয়েছেন ১০৬ ভোট।
ডিএসই সূত্রে জানা যায়, স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশনের পর এটাই প্রথম নির্বাচন। নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী ডিএসইর পরিচালনা পর্ষদে ১৩ জন পরিচালক থাকবেন। এর মধ্যে সাতজনই স্বতন্ত্র পরিচালক। বাকি ছয়জনের মধ্যে চারজন শেয়ারধারীদের মধ্য থেকে। এ ছাড়া একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ও একজন প্রধান নির্বাহী কর্মকর্তা থাকবেন।